জেতালেন রাকিতিচ, নেতা নেইমারই

কে বলেছে নেতা নেইমার নন। নেতা নেইমারই। ‘আসল নেতা’র অনুপস্থিতিতে পুরো মঞ্চ নেইমারের আলোতেই উদ্ভাসিত। নেইমার আরও একবার এই বার্তা দিয়ে রাখলেন, ‘আমি প্রস্তুত।’
পরশু ম্যাচটা না দেখে শুধু স্কোরলাইন দেখলে বিভ্রান্ত হবেন। বার্সেলোনা নয়; বাতে বরিসভকে ২-০ গোলে তো আসলে হারিয়েছেন ইভান রাকিতিচ। দুটো গোলই এই মিডফিল্ডারের। ৪৮ মিনিটের গোলটি যদি হয় ‘সুয়ারেজীয়’, ৬৪ মিনিটেরটি তবে একেবারে ‘মেসিময়’; একটি বক্সের প্রান্ত থেকে নিখুঁত জোরালো শটে, অন্যটি আলতো চিপ করে।
তবু রাকিতিচ নয়, পরশু বেলারুশের বরিসভ অ্যারেনা আলোকিত করলেন নেইমারই। পুরো মাঠে এদিন যেন ফুল ফোটালেন ব্রাজিল ফরোয়ার্ড। কখনো মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে যাওয়া, জোগো বোনিতোর শিল্পিত কারুকাজ, এঁকেবেঁকে ডিফেন্ডারদের জটলার ভেতর দিয়ে সরু পথ বানিয়ে আক্রমণ শাণানো। দুটো গোলেই রেখেছেন প্রত্যক্ষ অবদান। দুবারই বাতে ডিফেন্ডারদের ভিড়টাকে নিজের দিকে প্রলুব্ধ করে বলটা ছেড়ে দিয়েছেন ফাঁকায় দাঁড়ানো রাকিতিচের দিকে।
আগের ম্যাচে ৪ গোল করে যদি এই বার্তা দিয়ে থাকেন, মেসিহীন বার্সায় গোলের কমতি কখনোই হবে না; পরশু যেন এই বার্তা দিতে চাইলেন, ‘চাইলে মাঝমাঠ থেকে পুরো খেলার রাশও ধরে রাখতে জানি আমি।’ পরশুও পুরো ম্যাচে বার্সার আক্রমণগুলো তো দানা বেঁধেছে তাঁকে ঘিরেই।
মেসির চোট-নির্বাসন, নেই আরেক কান্ডারি আন্দ্রেস ইনিয়েস্তাও। নেইমারকে ঘিরে তাই প্রত্যাশাটাও গত কয়েক দিনে অনেক বেড়ে গেছে। আর কী সুন্দরভাবেই না সেটির উত্তর দিয়ে চলেছেন নেইমার! কি মাঝমাঠ কি আক্রমণ—গত দুই ম্যাচে একবারের জন্যও মনে হয়নি, মেসি নেই, ইনিয়েস্তা নেই।
বার্সা ডিফেন্ডার মার্ক বার্ত্রার কথায়ই উঠে এল সেটি, ‘আমার মনে হয়, এটা এমন একটা সময় যখন নেইমার নিজের কাঁধে দায়িত্ব তুলে নিচ্ছে। মেসি না থাকায় খেলা গড়ে নেওয়াতেও ও অনেক বেশি অংশ নিচ্ছে।’
তাহলে কি মেসি ছাড়াও বার্সা একই রকম স্বচ্ছন্দ? মেসির অভাব পুরোটাই পূরণ হয়ে যাচ্ছে? হাভিয়ের মাচেরানো সেটি মনে করেন না, ‘নেইমার অসাধারণ, তবে লিও অতুলনীয়। কোনোভাবেই ওর শূন্যতা পূরণ করা যায় না।’
সেটি সত্যি। তবে একটা সময় আসবে, সময়ের অনিবার্যতা মেনে আজকের ২৮ বছর মেসি আর নেতৃত্বে থাকবেন না। তখন আজকের এই ২৩ বছর বয়সীই যে সেদিন বার্সার কান্ডারি হবে, সেই স্বপ্নের ওপর সমর্থকেরা আস্থা রাখতেই পারে। রয়টার্স।