জেতালেন সেই 'বাতিল' ইব্রাহিম!

সাইফ স্পোর্টিং বহু আশা নিয়ে চট্টগ্রাম আবাহনী থেকে দলে ভিড়িয়েছিল মোহাম্মদ ইব্রাহিমকে। কিন্তু সাইফের জার্সিতে তেমন মাঠেই নামার সুযোগ হয় না গত মৌসুমের অন্যতম সেরা পারফরমারের। এমনকি বাতিল ধরে নিয়ে ক্লাবটির জুনিয়র দলের সঙ্গে এই উইঙ্গারকে পাঠানো হয়েছিল মাগুরার স্থানীয় একটি টুর্নামেন্টও খেলতে। সেই ইব্রাহিমই আজ জেতালেন সাইফকে। তাঁর জয়সূচক গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ২-১ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের নবাগত সাড়া জাগানো দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ যেন মনে হচ্ছিল আত্মঘাতী গোলের সন্ধ্যা। মোট ৩ গোলের ম্যাচে উভয় দলই উপহার দেয় একটি করে আত্মঘাতী গোল। শুরুর দ্বিতীয় মিনিটেই অরূপ বৈদ্যর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে শেখ রাসেল। ডান প্রান্ত থেকে জুয়েল রানার ক্রস গোলমুখ থেকে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ডিফেন্ডার অরূপ।
দ্বিতীয়ার্ধের শুরুতে শেখ রাসেল সমতায়ও ফেরে আত্মঘাতী গোলের কল্যাণে। ৪৮ মিনিটে মোনায়েম খান রাজুর ফ্রি কিকে স্পেনের ডিফেন্ডার গার্সিয়া দে কোরতাহারের হেড সাইফের অধিনায়ক ও সেন্টারব্যাক আরিফুল ইসলাম বিপদমুক্ত করতে গিয়ে জালে জড়িয়ে দেন। ৬৫ মিনিটে ম্যাচের মীমাংসা করে দিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। ডি-বক্সের ডান প্রান্ত থেকে মতিন মিয়ার ক্রসে ভলিতে জয়সূচক গোলটি করেন ইব্রাহিম। লিগে এটিই তাঁর প্রথম গোল।
এই জয়ে ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাইফ স্পোর্টিং। ২০ ম্যাচে সপ্তম হারের স্বাদ পাওয়া শেখ রাসেল ২৫ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।