জেতালেন 'বাবা' মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদিন আগেই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। পরশু গোলের পর মেসির এমন উদ্‌যাপন কার জন্য, সেটা না বললেও চলে! l এএফপি
দুদিন আগেই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। পরশু গোলের পর মেসির এমন উদ্‌যাপন কার জন্য, সেটা না বললেও চলে! l এএফপি

দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবরের অপেক্ষায় ছিলেন, সেটি পেলেন দুই দিন আগে। বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর কোল আলো করে এসেছে ফুটফুটে এক ছেলে। সেদিন আর অনুশীলন করতে পারেননি লিওনেল মেসি। সঙ্গে বার্সেলোনা থেকে মাদ্রিদের ভ্রমণক্লান্তি—সব মিলিয়ে পরশু মেসিকে প্রথম একাদশের বাইরেই রেখেছিলেন কোচ লুইস এনরিকে। কিন্তু পরশু ম্যাচটা যখন ১-১ সমতায়, মেসিকে নামতেই হলো। ম্যাচ শেষের ১১ মিনিট আগে মেসির গোলেই জয়টা আসবে, চিত্রনাট্যটা বোধ হয় এভাবেই সাজানো ছিল! এবারের লিগে তৃতীয় ম্যাচে প্রথম গোল পেলেন মেসি। আর তাতেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতল বার্সেলোনা (২-১)। এই জয় শীর্ষে বার্সার অবস্থান শক্ত করল আরেকটু।
ভিসেন্তে ক্যালদেরনে অবশ্য এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকোই। ৫১ মিনিটে ফার্নান্দো তোরেসের গোলের আনন্দটা অবশ্য তিন মিনিটও স্থায়ী হয়নি। ৫৪ মিনিটেই দুর্দান্ত এক ফ্রি-কিকে বার্সেলোনাকে সমতায় ফেরান নেইমার। এমনিতেই অবশ্য অ্যাটলেটিকো নেইমারের প্রিয় প্রতিপক্ষ, দুই বছর আগে ন্যু ক্যাম্পে আসার পর এ নিয়ে পাঁচ ম্যাচে ৬টি গোল করলেন তাদের বিপক্ষে। আর মেসির তো বরাবরই প্রিয় প্রতিপক্ষ অ্যাটলেটিকো, ‘রোজি ব্ল্যাঙ্কোদের’ বিপক্ষেই সবচেয়ে বেশি গোল (২০) হলো তাঁর লা লিগায়।
ইভান রাকিটিচের বদলি হিসেবে ৬০ মিনিটে মাঠে নামেন মেসি, ৭৭ মিনিটে দারুণ এক আক্রমণের পর লুইস সুয়ারেজের বাড়ানো বলে স্তম্ভিত করে দিয়েছেন অ্যাটলেটিকোকে। ম্যাচ শেষে নেইমারের কণ্ঠে থাকল মেসি-বন্দনা, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড় এবং সে যখন মাঠে আসে, সবাই আরও ভালো খেলতে শুরু করে।’ অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনেও মেসি-স্তুতিতে নেইমারের চেয়ে পিছিয়ে থাকলেন না, ‘আবারও মাঠে নেমে মেসিই ব্যবধান গড়ে দিল। কাজটা সে আবারও করল।’ এএফপি, রয়টার্স, গোলডটকম।