জেতায় ক্লান্তি নেই তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফি নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু মাদ্রিদে l এএফপি
গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফি নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু মাদ্রিদে l এএফপি

কোথায় গিয়ে থামবেন ক্রিস্টিয়ানো রোনালদো? যেভাবে একের পর এক পুরস্কার জিতছেন, তাতে কদিন পর রিয়াল মাদ্রিদ উইঙ্গারকে বোধ হয় নতুন ট্রফিকেস বানাতে হবে! পরশুর পুরস্কার দুটি অবশ্য রোনালদোর জন্য নতুন কিছু নয়। লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি আগেও পেয়েছেন। সেরা খেলোয়াড়ের স্বীকৃতি আলফ্রেডো ডি স্টেফানো ট্রফিতেও চুমু খেয়েছেন আগে। তার পরও পুরস্কার মানেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর প্রেরণা। ট্রফি দুটি হাতে নিয়ে রোনালদোর কণ্ঠে যেন এই কথাগুলোরই অনুরণন, ‘পরের বছরও এসব পুরস্কার জিততে পারাটা হবে দারুণ। এটার মানে আমি ভালো খেলেছি। আমার লক্ষ্য, ব্যক্তি ও দল হিসেবে অনেক কিছু জেতা। আমি এটা মাথায় রেখেই পরিশ্রম করি, পরের বছর এখানে আসতে পারলে সেটা ভালো একটা লক্ষণই হবে।’
কিন্তু টানা জয়ও কি কখনো কখনো একঘেয়ে হয়ে ওঠে না? রোনালদো বলছেন অন্য কথা, ‘সবার ভাবনা ও কাজ করার আলাদা একটা পদ্ধতি আছে। ফুটবল খেলাটা আমি সবচেয়ে বেশি উপভোগ করি। জেতায় কখনোই আমার ক্লান্তি নেই।’ অনেকেই বলছেন, ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন রোনালদো। পর্তুগিজ উইঙ্গারও সেটাই মনে করেন, ‘হয়তো আমি এখন নিজের শিখরে আছি, কিন্তু আমার সব সময়ের চেষ্টা আগের বছরের চেয়ে ভালো করার। তবে এমন একটা সময় আসবে যখন সেটা আর সম্ভব হবে না, আমি এটাও জানি।’ মার্কা।