জেনে নিন চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে উঠল কারা

৩২ দলের ২২টি ঠিক হয়ে ছিল আগেই। গত দুদিনের প্লে অফ রাউন্ডে পাওয়া গেল বাকি ১০ দলও। এর মধ্যে আগের দিন রোমাকে হারিয়ে ফেলার দুঃসংবাদ শোনা গিয়েছিল। এবার একসময়ের ইউরোপের পরাশক্তি আয়াক্সও বিদায় নিল। ডাচ ক্লাবটিকে কাল ৪-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে উঠে এল রোস্তভ। চারবারের চ্যাম্পিয়ন আয়াক্সের এমন পরাজয়!
রাশিয়ার এই ছোট ক্লাবটি এর আগে তাদের লিগেও চমক উপহার দিয়েছিল। এমন রূপকথা জন্ম দেওয়া জন্য তাদের বলা হচ্ছিল রাশিয়ার লেস্টার সিটি। এবার তো স্বপ্নযাত্রা আরও লম্বাই হলো। চ্যাম্পিয়নস লিগে এই দলটার ওপর চোখ রাখতেই হবে।
প্লে অফের মাধ্যমে এই ১০টি দল উঠে এল এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে: ম্যানচেস্টার সিটি, লোদোগোরেটস রাজগার্দ, সেল্টিক, কোপেনহেগেন, লেগিয়া ওয়ারশ, ডায়নামো জাগরেব, পোর্তো, রোস্তভ, বরুশিয়া মনশেনগ্লাডবাখ ও মনাকো।
আজ রাতে মনাকোতে ড্র অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের (বাংলাদেশ সময় রাত ১০টা থেকে সরাসরি সম্প্রচার করবে টেন ২)। চারটি ভিন্ন ভিন্ন পাত্রে এই ৩২টি দলকে রাখা হয়েছে। প্রতিটি পাত্রে থাকবে আটটি করে দল। গ্রুপ পর্বে সবাই যেন সমান শক্তির দল পায়, একই দেশের দুই ক্লাব যেন পরস্পরের মুখোমুখি না হয়, সবচেয়ে শক্তিশালী দলগুলো যেন গ্রুপ পর্বেই মুখোমুখি না হয়—এ কারণেই এমন পাত্রে ভাগ করা হয়।
জেনে নিন ৩২টি দল কে আছে কোন পাত্রে:
| পাত্র ১ রিয়াল মাদ্রিদ বার্সেলোনা লেস্টার সিটি বায়ার্ন মিউনিখ জুভেন্টাস বেনফিকা পিএসজি সিএসকেএ মস্কো | পাত্র ২ অ্যাটলেটিকো মাদ্রিদ বরুশিয়া ডর্টমুন্ড আর্সেনাল ম্যানচেস্টার সিটি সেভিয়া পোর্তো নাপোলি বায়ার লেভারকুসেন |
| পাত্র ৩ বাসেল টটেনহাম ডায়নামো কিয়েভ লিওঁ পিএসভি আইন্দহোফেন স্পোর্টিং লিসবন ক্লাব ব্রুজে বরুশিয়া মনশেনগ্লাডবাখ | পাত্র ৪ ডায়নামো জাগরেব সেল্টিক মনাকো বেসিকতাস লেগিয়া ওয়ারশ লোদোগোরেটস রাজগার্দ এফসি কোপেনহেগেন রোস্তভ |