জেনে নিন পরের এল ক্লাসিকোর তারিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এল ক্লাসিকোর সূচি ঠিক হয়ে গেল। ফাইল ছবি
এল ক্লাসিকোর সূচি ঠিক হয়ে গেল। ফাইল ছবি

রিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বার্সেলোনা। অবশ্য রিয়াল মাদ্রিদ নয়; সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। আজ লা লিগার সূচি ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল সংস্থা। তাতে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত না হলেও কোন সপ্তাহে কোন ম্যাচগুলো হবে তা জানা গেছে। বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা যে লড়াইটির জন্য অধীর অপেক্ষা করেন, তারও সূচি জানা গেল। লিগে এল ক্লাসিকোর লড়াই দুটি হবে এ বছর ডিসেম্বর ও আগামী বছর এপ্রিলে।

৮ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপ খেলার জন্য দেশ ছাড়বে রিয়াল। এর আগেই বার্সার মুখোমুখি হবে তাঁরা। লিগের প্রথম এল ক্লাসিকোটি হবে ৩ নয়তো ৪ ডিসেম্বর। লিগের লড়াই যখন জমে উঠবে, শেষ অঙ্কের নাটক শুরু হবে, তখনই দ্বিতীয় এল ক্লাসিকো। সেটি হওয়ার কথা ২২ অথবা ২৩ এপ্রিল।
এমনিতে বার্সা-রিয়াল দুদলই অন্য দুই রিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লিগ শুরু করবে। ২০ অথবা ২১ আগস্ট হবে এই দুই দলের লিগে প্রথম ম্যাচ। বার্সার প্রতিপক্ষ তো আগেই জেনেছেন, রিয়ালের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। বার্সা ম্যাচটি খেলবে নিজেদের মাঠে। অ্যাওয়ে ​ম্যাচ দিয়ে শুরু হবে রিয়ালের।
এটাই হবে কোচ হিসেবে রিয়ালে জিদানের প্রথম পূর্ণ মৌসুম। গতবার ছয় মাসেরও কম সময়ের দায়িত্বে লিগ জেতাতে না পারলেও রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ ট্রফি এনে দিয়েছিলেন। ফাইনালে অ্যাটলেটিকো মা​দ্রিদকে হারিয়ে। বার্সা-রিয়ালের দুই ঘোড়ার রেসকে শক্ত চ্যালেঞ্জ জানানো অ্যাটলেটিকো এবারও প্রস্তুত দাঁত চেপে লড়াই করতে। এল ক্লাসিকোর মতো আগ্রহ না থাকলেও মাদ্রিদ ডার্বিও এখন বেশ জমে ওঠে। ২০ নভেম্বর অ্যাটলেটিকোর মাঠে খেলে এসে ৯ এপ্রিল নিজেদের মাঠে অ্যাটলেটিকোর মুখোমুখি হবে রিয়াল।