জেমস বন্ড হতে চান বেকহাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ড চরিত্রে আগ্রহী বেকহাম। ছবি: মিরর।
বন্ড চরিত্রে আগ্রহী বেকহাম। ছবি: মিরর।

দ্য নেম ইজ বেকহাম, ডেভিড বেকহাম। ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত জিরো জিরো সেভেন জার্সিধারী নাকি এবার রুপালি পর্দার জিরো জিরো সেভেন হতে চাইছেন। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এজেন্টের পরবর্তী ছবিতে নামভূমিকায় অভিনয়ের জন্য নাকি আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ব্রিটিশ ফুটবল তারকা।
এখন জেমস বন্ড চরিত্রে অভিনয় করছেন ড্যানিয়েল ক্রেগ। কিন্তু তাঁর চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে। শুরু হয়ে গেছে নতুন বন্ডের খোঁজ। বন্ড ভক্তরা নতুন বন্ড হিসেবে ইদ্রিস এলবাকে পছন্দ করছেন। যদিও বন্ড সিরিজের লেখক নিজে এলবাকে ঠিক পছন্দ করছেন না।
এরই মধ্যে নতুন বন্ড খোঁজার এই মিশনে বাড়তি মাত্রা দিল বেকহামের আগ্রহ। গত বছর বড়দিনের বিশেষ টিভি নাটক ‘অনলি ফুলস অ্যান্ড হর্সেস’-এ অভিনয় করেছেন।​ বিখ্যাত পরিচালক গাই রিচির কিং আর্থার ছবিতেও কাজ করছেন। ৪০ বছর বয়সী বেকহামের ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা নতুন নয়। নাচতে নেমে ঘোমটা দেওয়া আর রুপালি পর্দার জগতে পা রেখে টুটোফাটা খুচরো চরিত্রে অভিনয় করা একই কথা। বেকহাম এবার নাকি বড় চরিত্রের জন্য প্রস্তুত।
এর আগে বেশ কয়েকটি ছবিতে অতিথি চরিত্রে কাজ করেছেন। এর মধ্যে গোল সিরিজ তো বিখ্যাত হয়ে আছে। বেন্ড ইট লাইক বেকহাম-এ অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। কিন্তু এখন সেই ব্যস্ততা আর নেই। তা ছাড়া গাই রিচির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে উৎ​সাহ আর সাহস দুটোই জোগাচ্ছে। অভিনয়ে ফুটবলের রোমাঞ্চই যে খুঁজে পাচ্ছেন।
সেই অভিজ্ঞতা সম্পর্কে বেকহাম বলেছেন, ‘গাই আমার খুব ভালো বন্ধু। ওকে আমি বিশ্বাস করি। ও যদি মনে করত আমি কাজটা পারব না, তাহলে কখনোই আমাকে এই ছবিতে নিত না। ছবিতে আমার ১৩টা সংলাপ। সেগুলোই অনেক বার মহড়া করে নিয়েছি। গাই প্রতিদিন একজনকে মহড়ার জন্য পাঠাত, তার সঙ্গে রোজ এক ঘণ্টা করে অনুশীলন করেছি। সংলাপ দেওয়াটা ভীষণ মানসিক চাপের, তবে আমি সেটা উপভোগও করেছি। ​খেলার রোমাঞ্চ আমার রক্তে নাচন এনে দেয়, অভিনয়েও দেখলাম একই রোমাঞ্চ।’