জেরার্ডকে ওয়েঙ্গারের পাল্টা

নতুন মৌসুমে বল এখনো মাঠে গড়ায়নি। অথচ এরই মধ্যে জমে উঠেছে আর্সেনাল-লিভারপুল ‘লড়াই’। সেটাও এমন একজনকে নিয়ে, যিনি এখন আর্সেনাল-লিভারপুল কোনো দলেই খেলছেন না। লুইস সুয়ারেজ! উরুগুইয়ান এই স্ট্রাইকারকে নিয়ে চলছে কথার যুদ্ধ।
শুরুটা করেছিলেন স্টিভেন জেরার্ড। কদিন আগে লিভারপুল অধিনায়ক দাবি করেন, সুয়ারেজকে আর্সেনালে যেতে বারণ করেছিলেন তিনি। সেটা অবশ্য গত মৌসুমের ঘটনা। ‘কামড়-কাণ্ডের’ পর সুয়ারেজ আর্সেনালে চলে যেতে পারেন, এমন একটা গুঞ্জন তখন ভাসছিল। জেরার্ড বলেছেন, ‘আমি ওকে (সুয়ারেজকে) বলেছি আর্সেনালে না যেতে। আমার মনে হয় আর্সেনাল ঠিক ওর যোগ্য ক্লাব নয়।’
ব্যাপারটা আর্সেনালের জন্য একটু হলেও অপমানজনক। আর্সেন ওয়েঙ্গার তাই চুপ থাকতে পারেননি। পরশু এমিরেটস কাপের আগে সংবাদ সম্মেলনে ওয়েঙ্গার জেরার্ডের কথা উড়িয়ে দিয়েছেন, ‘আর্সেনাল সুয়ারেজের যোগ্য নয়, ব্যাপারটা কখনোই এমন হতে পারে না। স্টিভেন জেরার্ড সেটা ভালোই জানেন।’ আর্সেনাল কোচের বক্তব্য, ‘কিন্তু আমি পুরোপুরি বুঝতে পারি কেন সে (জেরার্ড) ওকে থাকতে বলেছিল। সে চেয়েছিল সুয়ারেজ ওর সঙ্গে খেলুক, প্রিমিয়ার লিগ জিতুক। যা-ই হোক, শেষ পর্যন্ত এটা হয়নি। সুয়ারেজও এখন চলে গেছে।’ ওয়েঙ্গারের শেষের বাক্যগুলো কি লিভারপুলকে প্রচ্ছন্ন খোঁচা নয়? এএফপি।