জেরার্ডকে চান মরিনহো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা তাঁর জন্য তো স্বস্তিরই হওয়ার কথা। মৌসুম শেষে স্টিভেন জেরার্ড লিভারপুল ছেড়ে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে চলে যাবেন, তাতে চেলসি কোচ হোসে মরিনহো মন খারাপ করবেন কেন! প্রতিপক্ষের শক্তি কমে গেলে তাঁরই তো লাভ। কিন্তু মরিনহো যে ব্যাপারটা এভাবে দেখেনই না। জেরার্ডের চলে যাওয়া প্রিমিয়ার লিগের জন্যই বড় ক্ষতি বলে মনে করেন চেলসি কোচ, ‘ও প্রিমিয়ার লিগে থাকলেই আমি বেশি খুশি হতাম। এখনো এখানে খেলার মতো সব যোগ্যতা আছে তাঁর। যদিও সে আমার প্রতিপক্ষ, কিন্তু সে চলে যাবে এটা ভেবে আমি খুবই ব্যথিত।’
ক্যাপিটাল ওয়ান কাপে পরশু লিভারপুলের সঙ্গে ম্যাচটা ১-১ ড্র করেছে চেলসি। লিভারপুলের হয়ে ওই ম্যাচে জেরার্ডের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন চেলসি কোচ। তারপর রসিকতা করে বলেছেন, ‘চেষ্টা করব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি থেকে তাকে ধারে এনে চেলসিতে খেলাতে!’ বিবিসি।