জেরার্ডের অবসর
১৮ মাস আগে চোখের জলে লিভারপুল ছেড়ে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এমএলএসে। সেই স্টিভেন জেরার্ড এবার ফুটবলকেই বিদায় বলে দিলেন। কাল নিজেই একটি বার্তা দিয়ে সেটি নিশ্চিত করেছেন ৩৬ বছর বয়সী সাবেক ইংলিশ মিডফিল্ডার।
লিভারপুলের জন্ম, তাঁর প্রথম সবকিছু জানে এই শহর। ক্যারিয়ারের শুরুটাও লিভারপুলে, ১৭ বছর ধরে অলরেডদের হয়ে খেলার পর গত বছর ক্লাব ছেড়েছিলেন। লিভারপুলের হয়ে তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু ইয়ান ক্যালাঘান ও জেমি ক্যারাঘার। ইংলিশ প্রিমিয়ার লিগ কখনো জিততে পারেননি, তবে ২০০৫ সালে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। ইস্তাম্বুলে রূপকথার এক রাতে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ। ইংল্যান্ডের হয়েও ১১৪টি ম্যাচ খেলেছেন, তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু পিটার শিলটন, ওয়েইন রুনি ও ডেভিড বেকহাম।
অবসর নেওয়ার পর আবার লিভারপুল, নিউক্যাসল বা সেল্টিকে কোচিংয়ের ভূমিকায় যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি জেরার্ড।