জেলের জালে দ্রুততম গোলের মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাকান সুকুর।
হাকান সুকুর।

বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক তিনি। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে গোল করেছিলেন হাকান সুকুর। তুরস্কের এই সাবেক স্ট্রাইকারের ওপর পালাবদলের রাজনীতির কোপ পড়ল। কদিন আগে তুরস্কে ঘটে যাওয়া ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে গণগ্রেপ্তার চলছে দেশটিতে। সুকুরের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জেলের জালে এখনো পড়েননি। তবে দেশটির সরকার তাঁকে জালবন্দী করার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে।

গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে—যে অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগ যুক্তরাষ্ট্রে অবস্থান করা ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে। এরদোয়ান সরকারের অভিযোগ, গুলেন একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ পরিচালনা করেন।
সাকারিয়া প্রদেশের আইনজীবীদের অভিযোগ, সাবেক ফুটবল তারকা সুকুর এমনই একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’র সদস্য। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সুকুরের পাশাপাশি তাঁর বাবা সেলমেতকেও খুঁজছে পুলিশ। তুরস্কে তাঁদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। একটি বেসরকারি টিভি চ্যানেল জানিয়েছে, তাঁর বাবা সেলমেতকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পুলিশ তা এখনো স্বীকার করেনি। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে ৫১ গোল করা সুকুর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি।