জেসুস-জৌলুশে জ্বলজ্বলে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করিয়ে, করে কাল ব্রাজিলের জয়ের নায়ক জেসুসই l রয়টার্স
গোল করিয়ে, করে কাল ব্রাজিলের জয়ের নায়ক জেসুসই l রয়টার্স

আগের ম্যাচে আর্জেন্টিনাকে জেরবার করে দেওয়া নেইমার গোল পাননি। জাল খুঁজে পাননি দুর্দান্ত খেলতে থাকা ফিলিপে কুতিনহোও। তাতে কী! ব্রাজিলের ত্রিরত্নের আরেকটি রত্ন বাকি থাকে না—গ্যাব্রিয়েল জেসুস! সেই রত্নটিই কাল আলো ছড়ালেন পেরুর স্তাদিও ন্যাসিওনাল দো লিমায়। করলেন গোল, করালেনও। জেসুসে উজ্জ্বল ব্রাজিলও বিশ্বকাপ বাছাইপর্বে পেরুকে হারাল ২-০ গোলে।
ব্রাজিলকে জেতালেন নতুন তারকা জেসুস, চিলির হয়ে কাজটা করলেন ‘পুরোনো সেনানী’ অ্যালেক্সিস সানচেজ। জোড়া গোল করেছেন আর্সেনাল ফরোয়ার্ড, তাতে পিছিয়ে পড়েও ঘরের মাঠে উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে চিলি।
তিতে কোচ হয়ে আসার পর ব্রাজিলকে পুরোনো ছন্দে ফিরিয়েছেন, জিতিয়েও চলেছেন। কাল পেলেন বাছাইপর্বে টানা ষষ্ঠ জয়, পেলে-টোস্টাওদের নিয়ে যে কীর্তি এর আগে ১৯৬৯ সালে গড়েছিলেন জোয়াও সালদানা। ব্রাজিল সমর্থকদের জন্য আরও আনন্দের ব্যাপার, অনেক দিন পর ব্রাজিলের আক্রমণভাগকে দেখাচ্ছে ‘সর্বৈব সুন্দর’। নেতা হয়ে নেইমার তো আছেনই, সঙ্গে কুতিনহোকেও দেখাচ্ছে মুক্ত প্রজাপতি। আর আছেন জেসুস, ব্রাজিলের নতুন বিস্ময়-বালক।
রিও অলিম্পিকে আলো ছড়িয়েছেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড, সোনা জিতিয়েছেন ব্রাজিলকে। জাতীয় দলে এসেও কী সহজেই না মানিয়ে নিয়েছেন! ছয়টি ম্যাচ খেলেছেন, তাতেই পাঁচ গোল আর তিনটি গোলে সহায়তা। দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য ব্রাজিলের গ্লোবো টিভিকে জেসুস বলেছেন, ‘ব্রাজিলে অনেক খেলোয়াড় আছে যারা “৯” নম্বর জার্সিটি পরতে পারে। আমি গর্বিত যে সুযোগটা পেয়েছি। এই জার্সির সম্মান রাখতে পারছি বলেও গর্বিত।’
প্রতিপক্ষ পেরু নামটা শুনে যতই সহজ শোনাক, গত বছর ফেব্রুয়ারিতে রিকার্দো গারেকা দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো প্রতিপক্ষকেই ছেড়ে কথা বলছে না দলটি। কাল প্রথমার্ধেও ব্রাজিলের কঠিন পরীক্ষাই নিয়েছে পেরু। তবে দ্বিতীয়ার্ধে তারা হার মেনেছে জেসুসের কাছে। ৫৮ মিনিটে পেরু বক্সে ফাঁকায় বল পেয়ে নিজে গোল করেন জেসুস, বিশ মিনিট পর করিয়েছেন রেনাতো অগুস্তোকে দিয়ে।
ব্রাজিল আগেই তালিকার শীর্ষে ছিল, এই জয়ে সেটি আরও সুসংহত। এ জন্য চিলিকেও একটা ধন্যবাদ দিতে পারেন নেইমাররা। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে চিলি। ১৭ মিনিটে এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় উরুগুয়ে, এদুয়ার্দো ভারগাসের গোলে সমতা আনে চিলি। এরপর দ্বিতীয়ার্ধে ‘সানচেজ-ঝলক’—৬০ ও ৭৬ মিনিটে দুই গোল করে চিলিকে জেতান ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। ইএসপিএন, বিবিসি।