জেসুসকে আগলে রাখছেন গার্দিওলা
বলে তাঁর প্রথম ছোঁয়াতেই একটা গোল প্রায় বানিয়ে দিয়েছিলেন। বক্সে জায়গামতো কোনো সতীর্থ ছিলেন না বলে হয়নি।
দ্বিতীয় ছোঁয়াতেও প্রায় গোল। তাঁর হেড নিচু হতে হতে গিয়ে পড়ে বারের ওপরে জালে।
তৃতীয় ছোঁয়াতে বল জালে! কয়েক সেকেন্ড পাগলাটে উদ্যাপনও করলেন। কিন্তু এরপরই দেখলেন সহকারী রেফারির পতাকা—অফসাইড!
প্রভাত যদি দিনের আভাস হয়, তাহলে বলা যায়, ম্যানচেস্টার সিটিতে গ্যাব্রিয়েল জেসুস দারুণ কিছু করতেই এসেছেন। ইংলিশ ফুটবলে নিজের প্রথম তিনটি মুহূর্তেই যে সমর্থকদের রোমাঞ্চিত করেছেন ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
পরশু ঘরের মাঠে টটেনহাম হটস্পারের সঙ্গে ২-২ গোলে ড্র ম্যাচে ৮০ মিনিটের সময় সিটির জার্সিতে প্রথম মাঠে নামেন। ১০ মিনিট খেলেছেন, তাতেই ইংলিশ সংবাদমাধ্যমে শুরু হয়ে গেছে জেসুস-বন্দনা। তবে একজনের এতে বেশ আপত্তি—পেপ গার্দিওলা! প্রত্যাশার চাপ থেকে ছাত্রকে আড়ালে রাখতেই হয়তো ম্যাচ শেষে সিটি কোচ বলে দেন, ‘ওর প্রতিভা আছে। তবে একা ও কিছু করতে পারবে না। আগে ওকে দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’
জেসুস নামার আগেই ম্যাচের সব গোল হয়ে গেছে। দ্বিতীয়ার্ধের ৪৯ থেকে ৫৪—পাঁচ মিনিটের মধ্যে টটেনহাম গোলকিপার হুগো লরিসের দুটি অবিশ্বাস্য ভুলের সুযোগে সিটিকে এগিয়ে দেন লিরয় সানে ও কেভিন ডি ব্রুইন। ৫৮ মিনিটেই টটেনহামের হয়ে ব্যবধান কমান ডেলে আলি। আর মরিসিও পচেত্তিনোর দল সমতায় ফেরে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্তের পর। ৭৬ মিনিটে সিটি উইঙ্গার রাহিম স্টার্লিংকে প্রাপ্য পেনাল্টি দেননি রেফারি, তার পরের মিনিটেই প্রতিআক্রমণে গোল করেন টটেনহামের সন হিউং-মিন।
গার্দিওলা অবশ্য রেফারির নয়, দোষ দেখছেন নিজেদেরই, ‘আমরা সুযোগ তৈরি করার চেষ্টা করি। তৈরি করিও। কিন্তু সেভাবে গোল করতে পারি না। আর এটা যখন হয়, ম্যাচ জেতাও অসম্ভব হয়ে পড়ে।’ এএফপি।