গ্যাব্রিয়েল জেসুসকে আজ ‘তেতিনহা’ রূপেই দেখতে চাইবেন পেপ গার্দিওলা।
কৈশোরের ক্লাব পেকুনিনোস দো মেইয়ো আম্বিয়েন্তে-তে জেসুসকে ডাকা হতো এই নামে। কেন? প্রতি ম্যাচের আগেই নাকি একটা ‘তেতা’ ভবিষ্যদ্বাণী করতেন ছোট্ট জেসুস, যার বাংলা ‘সহজ জয়’। আর জেসুসের পাতলা শারীরিক গড়নের জন্য শব্দটার শেষে যোগ হয়েছে ‘ইনহা’, দুইয়ে মিলে তেতিনহা।
আজ টটেনহামের বিপক্ষে লিগে জেসুসের কাছ থেকে তেমন একটা ‘তেতা’র ভবিষ্যদ্বাণী তো খুব করেই চাওয়ার কথা গার্দিওলার!
জানুয়ারির শুরুতে যোগ দেওয়ার কথা থাকলেও ম্যানচেস্টার সিটিতে জেসুসের নিবন্ধন হয়েছে দিন দুয়েক আগে। আজ ঘরের মাঠে স্পারদের বিপক্ষে ‘অভিষেক’ও হতে পারে। তা ‘তেতিনহা’ না হোন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে আজ ‘মেসাইয়া’ রূপেই দেখতে চাইবে সিটি সমর্থকেরা। লিগে সর্বশেষ আট ম্যাচের চারটিতেই যে হেরেছে দল। নেমে গেছে পয়েন্ট তালিকার পাঁচে, মৌসুম শুরুর ছন্দটাও অনেক আগেই উধাও।
একদিক থেকে ভাবলে জেসুসের কাজ খুব বেশি নয়। শুধু গোল করলেই চলবে। সিটির সাম্প্রতিক বাজে ফর্মের জন্য ডিফেন্ডারদের দোষ দেওয়া হয় ঠিকই, কিন্তু ফরোয়ার্ডদের পায়েও তো গোল নেই! স্ট্রাইকার সার্জিও আগুয়েরো সর্বশেষ ১৭ ম্যাচের মধ্যে মাত্র পাঁচ ম্যাচে গোল পেয়েছেন। মিডফিল্ডে গোলের জোগান যাঁদের দেওয়ার কথা, সেই কেভিন ডি ব্রুইন ও রাহিম স্টার্লিংও গত সেপ্টেম্বরের পর থেকে গোল পেয়েছেন মাত্র একটি করে!
তবে জেসুস যে সেটি পারেন, তা এরই মধ্যে বেশ ভালোই দেখিয়েছেন। রিও অলিম্পিকে সোনাজয়ী ব্রাজিল দলে আলো ছড়িয়েছেন, সিনিয়র দলের হয়েও ৬ ম্যাচে করেছেন ৫ গোল। স্ট্রাইকার হয়েও প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার সামর্থ্য দারুণ। ব্রাজিলের অলিম্পিক দলের কোচ রোজেরিও মিকালে বলেছিলেন, ‘ও যেভাবে বল কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, সেটি রীতিমতো সংক্রামক!’ গার্দিওলার ‘প্রেসিং অ্যান্ড পাসিং’ কৌশলের সঙ্গে যা বেশ যায়।
টটেনহামও অবশ্য একই কৌশলে খেলে। গত অক্টোবরে মৌসুমের প্রথম ১০ ম্যাচেই জিতে উড়তে থাকা সিটিকে গত অক্টোবরে প্রথম হারের স্বাদও দিয়েছিল মরিসিও পচেত্তিনোর দল। এবার ঘরের মাঠে সিটি সেটির ‘প্রতিশোধ’ নিশ্চয়ই নিতে চাইবে। লিগে সর্বশেষ ছয় ম্যাচে জিতে দুর্দান্ত ফর্ম নিয়েই ইতিহাদে আসছে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা টটেনহাম। ডেইলি মেইল।