জেসুসের দুই, তিনে সিটি

২০১১ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে আর কখনো দলে নিজের জায়গা নিয়ে এমন দুশ্চিন্তা করতে হয়েছে সার্জিও আগুয়েরোকে?
আর্জেন্টাইন স্ট্রাইকারের ফর্ম ভালো যাচ্ছে না, সেটি একটি কারণ। তবে এর চেয়েও আগুয়েরোর দুশ্চিন্তা বেড়ে যাওয়ার কারণ সম্ভবত গ্যাব্রিয়েল জেসুস! গত মাসেই সিটিতে যোগ দেওয়া ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান এমনই দুর্দান্ত ফর্মে, আগুয়েরোকে এখন শুধু বেঞ্চের উষ্ণতায়ই সন্তুষ্টি খুঁজে নিতে হচ্ছে।
সিটির জার্সিতে মাত্র চারটি ম্যাচই খেলেছেন, এরই মধ্যে ইতিহাদ স্টেডিয়ামের দর্শকদের চোখে নায়কের আসনে বসে গেছেন জেসুস। ৩ গোল করে ফেলেছেন এরই মধ্যে, যার দুটি এল কাল সোয়ানসি সিটির বিপক্ষে। যোগ করা সময়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেই সিটিকে ২-১ গোলে জিতিয়েছেন জেসুস। এ জয় সিটিকে উঠিয়ে এনেছে পয়েন্ট তালিকার তিনেও। ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট গার্দিওলার দলের।
১১ মিনিটে জেসুসের গোলে এগিয়ে যায় সিটি। সৌন্দর্য নয়, তবে গোলটিতে বেশি চোখে পড়েছে জেসুসের সহজাত স্ট্রাইকিং ক্ষমতা। গোলের গন্ধ শুঁকেই যেন চলে গিয়েছিলেন ঠিক জায়গায়। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেওয়া সোয়ানসি সমতায় ফেরে ৮১ মিনিটে, বক্সের বাইরে থেকে গিলফি সিগুর্ডসনের দুর্দান্ত গোলে। কিন্তু জেসুস আবার আবির্ভূত হলেন সিটির ত্রাতা হয়ে। ডান দিক সিলভার ক্রসে হেড করেছিলেন, সেটি ফিরিয়ে দেন সোয়ানসি গোলকিপার ফ্যাবিয়ানস্কি। কিন্তু ফিরে আসা বলটিকে আবার জালে জড়িয়ে দেন জেসুস।
দলকে জেতালেন, সিটি সমর্থকদের গান বাঁধার মতো নতুন একটা নামও দিলেন নতুন ব্রাজিলিয়ান সেনসেশন।
দিনের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তথ্যসূত্র: স্টার স্পোর্টস