জেসুসের বিকল্প সুজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে হবেন গ্যাব্রিয়েল জেসুসের বিকল্প? চোট পেয়ে জেসুস মাঠের বাইরে ছিটকে পড়ার পর থেকেই ব্রাজিলিয়ান ফুটবলে প্রশ্নটি ঘুরছে। এপ্রিলে বয়স হবে ২০। খেলেছেন মাত্র ছয়টি ম্যাচ। কিন্তু এর মধ্যেই চারটি গোল করে আর সতীর্থদের কয়েকটি গোলে অবদান রেখে তিতের দলের আক্রমণভাগে অপরিহার্য হয়ে উঠেছেন জেসুস।
গত ১৪ ফেব্রুয়ারি ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে ডান পায়ের মেটাটারসাল ভেঙে গেছে জেসুসের। এ মৌসুমে আর মাঠে নামতে পারবেন না। উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য তাই তাঁর জায়গায় স্পোর্টিং রেসিফের ডিয়েগো সুজাকে দলে নিয়েছেন ব্রাজিল কোচ।
সুজা কেন? অনেকেই প্রশ্নটি তুলেছেন। ব্রাজিলের ক্লাব স্পোর্টিং রেসিফের এই ফরোয়ার্ডের বয়স হয়ে গেছে ৩১। দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন ২০০৯ সালে। বিখ্যাত হলুদ জার্সি এরপর আর দুবারই গায়ে তোলার সুযোগ পেয়েছেন। মনে রাখার মতো তেমন কিছু করতে পারেননি। গত ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে অবশ্য ১৪টি গোল করেছেন, ৬টি গোলে রেখেছেন অবদান। এই পারফরম্যান্স সুজাকে দলে আনতেই পারে।
তবে ফুটবল-পণ্ডিতদের প্রশ্নটা অন্য। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিল। বলতে গেলে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে এক পা দিয়েই রেখেছে তারা। বিশ্বকাপের জন্য সম্ভাব্য শক্তিশালী দল গড়ার দিকেই ব্রাজিলের মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই। ২০১৮ সালে সুজার বয়স হবে ৩৩। সেই হিসাবে তাঁর রাশিয়া বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম। তাঁকে দলে না নিয়ে কোনো তরুণ ফরোয়ার্ডকে নিলেই তিতে ভালো করতেন বলে সাধারণ মত।
প্রশ্ন উঠেছে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের আর্জেন্টিনা দল নিয়েও। চলতি মৌসুমে সিরি ‘আ’তে দারুণ ফর্মে রয়েছেন মাউরো ইকার্দি। ২৫ ম্যাচে করেছেন ১৬ গোল। অন্যদিকে চীনের ক্লাব হেবেই চায়না ফরচুনে রীতিমতো ধুঁকছেন এজেকিয়েল লাভেজ্জি। তবে আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজার দলে ইকার্দি নয়, সুযোগ পেলেন লাভেজ্জিই।
১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। ২৩ মার্চ ঘরের মাঠে চিলির বিপক্ষে খেলা। এই চিলির কাছে হেরেই গত বছর কোপা আমেরিকার শতবর্ষী আসরের শিরোপা জিততে পারেননি মেসিরা। চিলির বিপক্ষে ম্যাচের চার দিন পরই আর্জেন্টিনা বলিভিয়ার বিপক্ষে লাপাজে খেলবে। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার মিটারেরও বেশি উচ্চতার কারণে লাপাজে খেলা যেকোনো সফরকারী দলের জন্যই বড় চ্যালেঞ্জ। বাছাইপর্বের এই দুটি ম্যাচ তাই আর্জেন্টিনার বড় পরীক্ষাই নেবে। এএফপি, রয়টার্স।