জোড়া গোলে ফিরলেন রোনালদো

ফুটবল মাঠে ম্যানচেস্টারের দুই প্রতিবেশীর মধ্যে সদ্ভাব দূরে থাক, বৈরিতাই বেশি। কিন্তু দুই ম্যানচেস্টার—ইউনাইটেড ও সিটির বোধ হয় কোথাও একটা টান আছে। নইলে আবারও তারা একই সঙ্গে হোঁচট খাবে কেন? চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে সিটি হেরেছে জুভেন্টাসের কাছে আর ইউনাইটেড পিএসভি আইন্দহোফেনের কাছে। পরশু আবারও জুভেন্টাস হারাল সিটিকে, ইউনাইটেড ঘরের মাঠে ড্র করল পিএসভির সঙ্গে। ক্ষতিটা অবশ্য ইউনাইটেডেরই বেশি হয়েছে, পরের পর্বে ওঠাটাই এখন সংশয়ে। শাখতার দোনেৎস্কের সঙ্গে রিয়াল মাদ্রিদের ৪-৩ গোলের জয়টা অবশ্য রাফায়েল বেনিতেজের কাছে ছিল স্বস্তির উপলক্ষ।
‘একঘেয়ে’, ‘বিরক্তিকর’—এই মৌসুমে ইউনাইটেড কোচ লুই ফন গালকে অনেক কথাই শুনতে হয়েছে। গত আট ম্যাচে মাত্র ৬টি গোল করতে পেরেছে ইউনাইটেড। পরশু আরও একবার রুনি, মার্শিয়ালরা পিএসভির পোস্টে বল ঢোকাতে ব্যর্থ হলেন। নিজেদের গ্রুপে ইউনাইটেড এখন দ্বিতীয়। নকআউট পর্বে যাওয়াটা নিশ্চিত করতে হলে শেষ ম্যাচে ভলফ্সবুর্গকে তাদের মাঠে গিয়ে হারাতে হবে।
ফন গাল অবশ্য দলের গোলখরা নিয়েই বেশি চিন্তিত, ‘আমি উদ্বিগ্ন, তবে জানি গোল আসবেই। আজ আমরা অন্তত ৩ গোল করতে পারতাম। খুব একটা কঠিনও ছিল না সুযোগগুলো, কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি।’ নকআউট পর্বে ওঠাটা সংশয়ে পড়ে গেলেও ফন গাল আশাবাদী, ‘আমরা নিজেদের মাঠে ভলফ্সবুর্গকে হারিয়েছি, ওদের মাঠে গিয়ে জিততে পারব না কেন?’
ম্যান সিটি অবশ্য আগেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে। জুভেন্টাসের কাছে ১-০ গোলে হারে ক্ষতি হয়েছে একটাই, গ্রুপ চ্যাম্পিয়নস হিসেবে সম্ভবত গতবারের রানার্সআপ জুভেন্টাসই উঠে যাচ্ছে। সে ক্ষেত্রে সিটি আবারও কোনো কঠিন প্রতিপক্ষের সামনে পড়বে! প্রথম ম্যাচের মতো পরশু মারিও মানজুকিচের গোলটাই সিটিকে ডুবিয়েছে।
শাখতারের সঙ্গে ৪-৩ গোলের জয়টা ম্যাচের প্রকৃত সত্য বলে না। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্তও রিয়াল ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল। এরপর হঠাৎ করেই ঘুরে দাঁড়ায় শাখতার, শোধ করে বসে তিনটি গোল। তবে সমতাসূচক গোলটা আর পায়নি। তবে তিন ম্যাচের ‘গোলখরা’ কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, সেটিও জোড়া গোলে। মডরিচ ও কারভাহালের গোল দুটিতেও ছিল তাঁর অবদান। এল ক্লাসিকোর ভূত তাড়াতে এই জয়টা খুব দরকার ছিল বেনিতেজের। রিয়াল কোচের কণ্ঠে সেই তৃপ্তি, ‘আজ ম্যাচের বেশির ভাগ অংশেই সবকিছু আমাদের পক্ষে গেছে। আমরা প্রতিপক্ষের মাঠে ৪ গোল করেছি। তার মানে আমরা ঠিক দিকেই এগোচ্ছি।’ এএফপি।
এক নজরে
আস্তানা ২ : ২ বেনফিকা
সিএসকেএ মস্কো ০ : ২ ভলফ্সবুর্গ
মালমো ০ : ৫ পিএসজি
শাখতার ৩ : ৪ রিয়াল মাদ্রিদ
ইউনাইটেড ০ : ০ পিএসভি
অ্যাটলেটিকো ২ : ০ গ্যালাতাসারাই
ম’গ্লাডবাখ ৪ : ২ সেভিয়া
জুভেন্টাস ১ : ০ ম্যান সিটি
* স্বাগতিক দল প্রথমে