জোড়াতালি দিয়ে দল গড়ছে শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক মৌসুমে খুবই শক্তিশালী দল গড়া শেখ জামাল ধানমন্ডির দিকে তাকালে এখন অনেকেরই মায়া হবে।
কদিন আগেও খেলোয়াড় উপচে পড়া দলটিতে এখন খেলোয়াড়ের অভাব। দাপুটে কর্মকর্তারা হাহাকার করছেন। ২৩ ফেব্রুয়ারি এএফসি কাপের প্রথম ম্যাচটি সামনে রেখে খুব ভালো প্রস্তুতি নেওয়ার কথা দলটির, অথচ সময়ের ধাক্কায় অভিজাত ক্লাব শেখ জামাল যেন এখন দিশাহীন।
দলবদল ভালোই নাড়িয়ে দিয়েছে শেখ জামালের ভিত্তি, যেটি গড়ে উঠেছিল ২০১০ সালে যাত্রার শুরু থেকেই। অধিনায়ক মামুনুল ইসলামসহ নয় দলত্যাগীর বিকল্প সন্ধান আগে করেনি ক্লাবটি। বরং ওই নয় খেলোয়াড়কে ফিরিয়ে দিতে বাফুফেকে চরমপত্র দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে তোলে। বাফুফের সঙ্গে এ নিয়ে দ্বন্দ্বে ক্লাবটির সভাপতি মনজুর কাদের পদত্যাগ পর্যন্ত করেন। পদত্যাগপত্র প্রত্যাহার হলেও জামালের চেহারা এখনো ভগ্নই।
আবাহনী, শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীই হেনেছে আঘাতটা। নীরবে কেড়ে নিয়েছে শেখ জামালের প্রায় সব খেলোয়াড়কে। এখন তাই কোনোক্রমে একটা দল গড়ে এএফসি কাপে যেতে হচ্ছে গত দুবারের লিগ চ্যাম্পিয়নদের। পুরোনোদের মধ্যে তারা ধরে রাখতে পেরেছে কেবল কেষ্ট, দিদার, লিংকন, হিমেলকে। এদিক-সেদিক থেকে নিতে পেরেছে কয়েকজনকে—মুক্তিযোদ্ধার এনামুল, জাহেদ পারভেজ, আশরাফুল, সুইট, শেখ রাসেলের মুরাদ বাপ্পি, অনূর্ধ্ব-২৩ দলের রকি। এসেছেন গোলরক্ষক মোস্তাক। দলত্যাগীদের মধ্যে দুই-তিনজনকে পাওয়ার আশা কর্তারা করলেও দলে রং ফিরবে বলে মনে হয় না।
বিকল্প হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপ-ভিত্তিক খেলোয়াড় আনার দিকে ঝুঁকেছে দলটি। তবে এতে ফল পাওয়া যাবে কি না সে নিশ্চয়তাও কম। এরই মধ্যে জার্মানি থেকে আসা রিয়াসাত ইসলাম এখনো অনুশীলনেই নামতে পারেননি চোট থাকায়। সুইডেনের যোসেফ নুরকে দেখে সতীর্থরা উচ্ছ্বসিত নন। ভারতের যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রতীক সিন্ধিকে ভালোই লেগেছে সবার। ক্লাবের পরিচালক শেখ ইকবাল কাল জানালেন, ইংল্যান্ড থেকে চার খেলোয়াড় আসার অপেক্ষায় তঁারা। এঁরা হলেন মাহিত রেহমান, আকমল, রিজওয়ান ও রবিউল খান।
পরিস্থিতি সামাল দিতে প্রবাসী বাংলাদেশিদের কাঁধে সওয়ার হতে চায় শেখ জামাল। তবে তাঁরা কেউ নন, এমেকা, ওয়েডসন ও ল্যান্ডিংই শেখ জামালের বড় অস্ত্র। আক্রমণে এই তিন পুরোনো সৈনিকই চলে এলেও কোচ যোসেফ আপুসি আসবেন আরও কয়েক দিন পর। অগত্যা কোচের কাজটা চালিয়ে নিচ্ছেন আর্জেন্টাইন ট্রেনার আরিয়েল কোলম্যান।
কাগজ-কলমে অনুশীলনে খেলোয়াড় ১৮ জন। রিয়াসাতের সঙ্গে ডিফেন্ডার দিদারেরও চোট থাকায় ১৬ জনকে নিয়ে চলমান অনুশীলনে দলীয় সমন্বয় তৈরি হচ্ছে না। এঁদের মধ্যে প্রায় অর্ধেক খেলোয়াড়েরই নাম পাঠানো হয়নি এএফসির কাছে। নাম গেছে দলত্যাগী নয় জনেরই। ওই নয় জনকে না পাওয়ায় এখন ভালোই বিপাকে পড়েছে দলটি।
কাল অনুশীলনবিহীন দিনে বিকেলে ক্লাব চত্বরে বসে অবশ্য খেলোয়াড়েরা কিছু করে দেখানোর কথা বললেন। অভিজ্ঞ সেনানী স্ট্রাইকার এনামুলের প্রতিশ্রুতি, ‘আমরা যারা আছি, শতভাগ মাঠে ঢেলে দিয়ে শেখ জামালের সম্মান রাখার চেষ্টা করব।’ তাঁর পাশে বসে ডিফেন্ডার কেষ্টর আফসোস, ‘দলটা এভাবে ভেঙে যাওয়ায় খুবই খারাপ লাগছে।’
সেই ভাঙা দলকে জোড়া লাগানোর চেষ্টা যতই হোক, শেখ জামাল শিবির এই মৌসুমে অন্তত আর বর্ণিল হচ্ছে না।