শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ সাইফুল বারী টিটু বেশ গম্ভীর মুখে মাঠ ছাড়লেন। একটু পরই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলামকে ঘিরে ফুটবলারদের জটলা। ভালি জনোভ ওতাবেক, পা ওমর জোবে, রেজাউল করিমেরা তখন বোতল থেকে পানি ছিটিয়ে জয় উদ্যাপন করতে ব্যস্ত।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ সন্ধ্যায় শেখ জামাল ধানমন্ডি ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেলকে। শেখ জামালের গাম্বিয়ান স্ট্রাইকার ওমর জোবে নিজে এক গোল করেছেন। সলোমন সিল্লাহকে দিয়ে করিয়েছেন আরেকটা গোল।
ম্যাচে লড়াইয়ের মাঝে ছিল আরেক লড়াই। ডাগআউটের লড়াইয়ে দেশের অন্যতম সেরা কোচ সাইফুল বারী টিটুকে আজ হারিয়ে দিলেন শফিকুল ইসলাম।
শেখ জামাল মাঝমাঠের ‘প্রাণভোমরা’ ছিলেন জন ওতাবেক। বল যেখানে ঠিক সেখানেই ওতাবেকের দেখা মিলেছে! আজও ওতাবেকের গোলে প্রথমে এগিয়ে যেতে পারত শেখ জামাল। কিন্তু দুর্ভাগ্য শেখ জামালের, ৩৭ মিনিটে বক্সে বল নিয়ে ঢোকা ওতাবেকের শট ক্রসবারে লেগে ফেরে।
শেখ রাসেল আক্রমণভাগের বড় অস্ত্র আবদুল্লাহ চোটের কারণে আজ খেলতে পারেননি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লোপেজ রদ্রিগেজ আজ ছিলেন অনেকটা নিষ্প্রভ। তাঁকে আসলে বোতলবন্দী করে রেখেছিলেন শেখ জামালের ডিফেন্ডাররা। মিডফিল্ডার ওবে মনেকে আর বখতিয়ার দুশোবেকভও সেভাবে গোলপোস্টে শট নিতে পারেননি। দুর্বল রক্ষণের জন্য গোল হজম করতে হয় শেখ রাসেলকে। শেখ রাসেলের ফরোয়ার্ডদের ফিনিশিংয়েও ছিল ব্যর্থতা।
শেখ জামালের হয়ে ওতাবেকের সঙ্গে জোবের রসায়নটা জমেছে বেশ। কখনো ওতাবেক বল নিয়ে বক্সে ঢুকেছেন, বল বাড়িয়ে দিয়েছেন জোবেকে। ৫৯ মিনিটে জোবের ক্রস থেকে প্লেসিংয়ে প্রথম গোল করেন সোলেমান সিল্লাহ।
এরপর ৬৬ মিনিটে ওমর জোবের গোলে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। বল নিয়ে প্রথমে ওতাবেক বাড়িয়ে দেন জোবেকে। বলটা ধরতে জায়গা ছেড়ে অনেকখানি বেরিয়ে আসেন শেখ রাসেল গোলরক্ষক আশরাফুল রানা। কিন্তু তাঁকে ফাঁকি দিয়ে জোবের করা গোলটি ছিল চেয়ে দেখার মতো।
ম্যাচে শেষ দিকে গোল শোধের চেয়ে বরং রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে শেখ রাসেলের ফুটবলারদের। শেষ তিন মিনিটে বেশ কয়েকটি কর্নার পেয়েছে শেখ জামাল। অবশ্য ৮৮ মিনিটে ব্যবধান আরেক দফা বাড়িয়ে নিতে পারত শেখ জামাল। ওতাবেক চমৎকার একটা ক্রস দিয়েছিলেন জোবের উদ্দেশে। কিন্তু জোবে শেষ মুহূর্তে পা ছোঁয়াতে পারেননি।
এই জয়ে আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল শেখ জামাল। ১৭ ম্যাচে ১১ জয় ৫ ড্র ও ১ হারে ৩৮ পয়েন্ট শেখ জামালের। আর ২৭ পয়েন্ট নিয়ে সাতেই রইল শেখ রাসেল। ১৮ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ৭ হার শেখ রাসেলের। ১৮ ম্যাচে ১৬ জয়, ১ ড্র ও ১ হারে ৪৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে বসুন্ধরা কিংস।