বিমানের টিকিটটা সাধারণ শ্রেণির। অথচ কেভিন কনস্টান্ট কিনা গোঁ ধরলেন বিজনেস ক্লাসে চড়ার! পুলিশের সঙ্গেও এ নিয়ে কী বাগ্বিতণ্ডা তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরের গিনিয়ান ডিফেন্ডারের! ফল? তাঁকে যেতে হলো থানায়। ঘটনাটা ঘটেছে কাল, ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে। ফ্রান্সের নিস শহরে যাওয়ার জন্য বিমানে ওঠার কথা ছিল কনস্টান্টের। সাধারণ শ্রেণির টিকিট নিয়ে ২৮ বছর বয়সী ডিফেন্ডার চেক-ইন করতে সোজা চলে গেলেন বিজনেস ক্লাসের কাউন্টারে। বিমানবন্দরের কর্মকর্তা তাঁকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সাবেক এসি মিলান ডিফেন্ডার উল্টো শুরু করে দিলেন বিতর্ক। অপমান করলেন পুলিশকেও। ‘জবাব’টাও পেয়ে গেলেন হাতেনাতে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে কনস্টান্টকে দাঁড়াতে হয় আদালতের কাঠগড়াতেও। তবে এতে তাঁর অনুশোচনা আছে বলে মনে হয়নি। পুলিশ যখন নিয়ে যাচ্ছে, বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে ধরা কনস্টান্টের মুখে হাসি। এএফপি।