জোড়া গোলে শুরু ইব্রাহিমোভিচের

টানা দুটি মৌসুম ফরাসি লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন জ্ল্বাতান ইব্রাহিমোভিচ। সুইডিশ এই স্ট্রাইকার এবারের মৌসুমের শুরুটাও করেছেন দারুণভাবে। রিয়েইমসের বিপক্ষে লিগের প্রথম ম্যাচেই করেছেন জোড়া গোল। তাঁর দল প্যারিস সেইন্ট জার্মেইন অবশ্য শুরুটা জয় দিয়ে করতে পারেনি। ২-২ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টানা দুবারের ফরাসি লিগ শিরোপা বিজয়ীদের।
লিগের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করারও দারুণ সুযোগ পেয়েছিলেন ইব্রাহিমোভিচ। কিন্তু তাঁর একটি শট ফিরে আসে গোলপোস্টে লেগে। ২৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করার মোক্ষম সুযোগটিও কাজে লাগাতে পারেননি এ সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। শেষপর্যন্ত অবশ্য ইব্রার গোলে ভর করেই একটি পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে পিএসজি।
প্রথমার্ধের ৭ মিনিটেই ম্যাচের প্রথম গোলটি করেছিলেন ইব্রাহিমোভিচ। কিন্তু ৩২ মিনিটের মধ্যে পিএসজির জালে দুবার বল জড়িয়েছিল রিয়েইমস। প্রথমার্ধ শেষ করেছিল ২-১ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় ম্যাচের সমতাসূচক গোলটি করেছেন ইব্রা।
গত সপ্তাহে ফরাসি সুপার কাপের ম্যাচেও দুটি গোল করেছিলেন ইব্রাহিমোভিচ। প্যারিস সেইন্ট জার্মেইনও মৌসুমের প্রথম শিরোপাটি জিতেছিল এই সুইডিশ তারকার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে।—গোল ডটকম