জোড়া পেনাল্টি মিসে পুলিশকে ডোবালেন কোয়াকু

চট্টগ্রাম আবাহনীর উল্লাসছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের শুরুটাই হলো পেনাল্টি দিয়ে! কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রথম মিনিটে পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি আলমগীর সরকার।

সেই পেনাল্টিতে এগিয়ে গেল চট্টগ্রাম আবাহনী। এরপর ম্যাচে আরও দুটি পেনাল্টি হয়েছে। কিন্তু দুবারই খলনায়কের নাম বাংলাদেশ পুলিশের আইভরি কোস্টের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান কোয়াকু। গোল দুটি হয়ে গেলে হয়তো এই ম্যাচের গল্পটা অন্যভাবেও লেখা হতে পারত। শেষ পর্যন্ত পেনাল্টি মিসের খেসারত দিয়েছে পুলিশ। প্রিমিয়ার লিগে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে পুলিশকে ৪-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।

আবাহনীর তিনটি গোলই বিদেশিদের
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম আবাহনীর হয়ে গোল করেছেন নিক্সন গিয়াহামে, চার্লস দিদিয়ের, রাকিব হোসেন ও চিনেদু ম্যাথিউ। পুলিশের একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ স্বাধীন।
ম্যাচের প্রথম মিনিটে বক্সের মধ্যে নিক্সনকে ফেলে দেন পুলিশের মিডফিল্ডার নোমান মাহমুদ। পেনাল্টি থেকে নিক্সন করেন প্রথম গোল। ম্যাচের ১০ মিনিটে চিনেদু ম্যাথিউয়ের ক্রস থেকে হেডে চার্লস দিদিয়ের করেছেন ২-০।

ম্যাচের ৪৫ মিনিটে চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার রাকিব অনেক দূর থেকে বল টেনে নিয়ে বক্সে ঢোকেন। এরপর তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে করেছেন চমৎকার এক গোল।

ক্রিস্টিয়ান কোয়াকু।
ফাইল ছবি: প্রথম আলো

ম্যাচের বিরতিতে যাওয়ার ঠিক আগে পেনাল্টি পায় পুলিশ। কিন্তু ক্রিস্টিয়ান কোয়াকুর শট সেবার ক্রসবারে লেগে ফেরে। ৭৩ মিনিটে আবারও পুলিশ পেনাল্টি পেয়েছিল। এবারও কোয়াকু পেনাল্টি নেন। কিন্তু দারুণ দক্ষতায় পেনাল্টি ঠেকিয়ে দিলেন চট্টগ্রাম আবাহনীর গোলকিপার নাঈম।

গোল শোধে চেষ্টার কমতি ছিল না পুলিশের। কিন্তু কখনো কোয়াকুর শট ক্রসবারে লেগেছে। কখনো ফিনিশিং তত ভালো হয়নি। অবশ্য ৮০ মিনিটে কোয়াকু গোল করতে না পারলেও সহযোগিতা করেছেন গোলে। কোয়াকুর হেড প্রথমে গোলরক্ষক নাঈম ঠেকিয়ে দেন। এরপর ফিরতি শটে স্বাধীন করেছেন ৩-১।

পুলিশ দল আজ ভালো খেলেনি
ছবি: প্রথম আলো

ম্যাচের শেষ বাঁশি বাজার আগে রাকিব নিজের দ্বিতীয় গোলটি করতে পারতেন। চিনেদু ম্যাথিউকে উপহার দিলেন সে গোল। বক্সের মধ্যে ঢুকে নিজে শট না নিয়ে বাড়িয়ে দেন পাশে থাকা ম্যাথিউকে।

এই জয়ে ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এল চট্টগ্রাম আবাহনী। আর ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আটে রইল পুলিশ।