জোয়াকিম লো'র ১০০ জয়ের অনন্য কীর্তি

এক যুগ ধরে জার্মানির কোচ জোয়াকিম লো। দায়িত্বটা যেন নিজের জন্য চিরস্থায়ী বন্দোবস্তই বানিয়ে ফেলেছেন। সেটি হবে না-ইবা কেন! এমন সফল কোচকে কোন দলই বা ছাড়তে চায়! দেশকে ২০১৪ সালে বিশ্বকাপ জিতিয়েছেন। কাল গড়ে ফেললেন অনন্য এক কীর্তি। কোচ হিসেবে প্রথমবারের মতো ১০০ জয় তুলে নিলেন। কনফেডারেশনস কাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে কোচকে শততম জয় উপহার দিল জার্মানি। আর এই জয়ে ২০০৫ সালের পর কনফেডারেশন কাপে ফিরেই শেষ চার নিশ্চিত করল তারা। শততম জয়ের পাশাপাশি লো গড়েছেন আরও একটি রেকর্ড। দায়িত্ব নেওয়ার পর গত এক যুগে প্রতিটি বড় প্রতিযোগিতাতেই জার্মানিকে অন্তত সেমিতে তুলতে পেরেছেন তিনি।
দারুণ এই কীর্তিতে স্বভাবতই আনন্দিত লো। সবচেয়ে বেশি আনন্দিত দলকে সেমিফাইনালে নিতে পেরে, ‘অবশ্যই আমি খুশি। কোচ হিসেবে ১০০ জয়—দারুণ লাগে দেখতে।’ ২০০৬ সালের আগস্টে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের উত্তরসূরি হিসেবে জার্মানির দায়িত্ব নিয়েছিলেন লো।
কীর্তি উপভোগের পাশাপাশি কৃতজ্ঞতাও ঝরেছে তাঁর কণ্ঠে, ‘এই সাফল্যের পর আমার সেই মানুষগুলোকে খুব মনে পড়ছে, যাঁরা শুরু থেকেই আমার সঙ্গে ছিলেন। আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিশেষ করে বলব টিম ম্যানেজার অলিভার বিয়েরহফ আর গোলকিপিং কোচ আন্দ্রেস কোপের কথা। হ্যানসি ফ্লিকের (২০১৪ সালের বিশ্বকাপে লোর সহকারী কোচ) কথাও বিশেষ করে বলতে হয়। এ ছাড়া খেলোয়াড়েরা তো আছেই। তারাই তো আমার সাফল্যের মূল।’
শততম জয় তুলে নেওয়া আর দলকে সেমিতে তোলার পর লোর লক্ষ্য এখন কনফেডারেশনস কাপের ফাইনাল। বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি হবে তাঁর দল, ‘মেক্সিকো খুবই শক্তিশালী প্রতিপক্ষ। ম্যাচটা খুবই কঠিন হবে। খুব ভালো কিছু খেলোয়াড়ের সমন্বয়ের গড়া দুর্দান্ত একটা দল মেক্সিকো।’
মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা অন্যরকম এক অনুভূতিই জাগাচ্ছে লোর মনে। এর মূল কারণ উত্তর ও মধ্য আমেরিকান প্রতিপক্ষের বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলেননি তিনি, ‘আমরা মধ্য আমেরিকান দলগুলোর সঙ্গে খুব বেশি খেলি না। সে কারণেই ম্যাচটার জন্য খুব আগ্রহ নিয়ে আমি অপেক্ষা করছি। এই ম্যাচে আমাদের ভালো করতেই হবে।’

সোচির এই ম্যাচে প্রথম গোল পেতে জার্মানিকে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছে। শুরু থেকে ক্যামেরুনের ওপর আক্রমণে ঝাঁপিয়েও জার্মানি প্রথম গোল পায় দ্বিতীয়ার্ধের শুরুতে। ৪৮ মিনিটে হুলিয়ান ড্র্যাক্সলারের দারুণ এক ব্যাক হিলেন পাস থেকে গোল করেন কারেম ডেমিরবে।
৬৫ মিনিটে দশজনের দলে পরিণত হয় ক্যামেরুন। জার্মানির এমরে কানকে ফাউল করে লাল কার্ড দেখেন ক্যামেরুনের মাসৌসি। এই লাল কার্ড নিয়ে হয়েছে অভাবিত এক নাটক। রেফারি প্রথমে ভুল করে সেবাস্তিয়ান সিয়ানিকে লাল কার্ড দেখিয়ে ফেলেছিলেন। পরে ভিডিও রিভিউ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে লাল কার্ড দেখান মাসৌসিকে।
৬৭ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় জার্মানরা। জশুয়া কিমিচের ক্রসে শুয়ে পড়ে নেওয়া শটে গোল করেন ২১ বছর বয়সী টিমো ভেরনা। এটি জার্মানির হয়ে ভেরনার প্রথম গোল। ৭৮ মিনিটে ব্যবধান কমায় ক্যামেরুন। এনগামালেউয়ের বাড়ানো ক্রসে আবু বাকার গোলটি করেন। গোলটির জন্য গোলকিপার আন্দ্রে টের স্টেগেনকে অনেকটা দায়ী করা চলে। ৮১ মিনিটে জার্মানির জয় নিশ্চিত হয়। বেঞ্জামিন হেনরিকের পাস থেকে ভেরনা দলকে ৩-১ গোলে এগিয়ে নেন। ভেরনা অবশ্য শেষের দিকে জাতীয় দলের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিকটা পেলেও পেতে পারতেন। সহজ সুযোগ নষ্ট করায় সেটি হয়নি।
মস্কোতে দিনের অপর ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চিলি। তবে এই ড্রয়ে সেমিফাইনালে খেলতে কোনো অসুবিধা হচ্ছে না লাতিন চ্যাম্পিয়নদের। তবে অস্ট্রেলিয়া এই ম্যাচটি জিততে পারত। সেই আফসোস তাদের থাকবে। ৪২ মিনিটে জেমস ট্রইসির গোলে এগিয়ে যায় অস্ট্রেলীয় চ্যাম্পিয়নরা। তবে ৬৭ মিনিটে সেই গোল শোধ করে দেন চিলির মার্টিন রদ্রিগেজ। এদুয়ার্দো ভার্গাসের পাস থেকে চিলির মান বাঁচান রদ্রিগেজ। সূত্র: এএফপি