জ্বলছেন বেল-রোনালদো, লেভা কোথায়?
অন্যায়, কুৎসিত, নিষ্ঠুর!
এই তিনটি শব্দের ‘প্রতিরূপ’ হয়ে টিকে আছে তাঁদের দল, সেই সূত্রে ইউরোর সেরা তিন তারকাও। পরশু শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে পর্তুগাল, ওয়েলস ও পোল্যান্ড। একটু অন্যভাবে বললে ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও রবার্ট লেভানডফস্কি!

১১৭ মিনিটে কারেসমার গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছে পর্তুগাল। ওই গোলের আগে এবারের ইউরোর সবচেয়ে জঘন্য ওই ম্যাচে এগিয়ে ছিল ক্রোয়েশিয়াই। কোচ আন্তে চাচিচের ভাষায় এভাবে বিদায় নেওয়া অন্যায়, ‘ফুটবল ন্যায্য ফল দেয় না। আমরা অনেক সুযোগ পেয়েছি, খেলা নিয়ন্ত্রণ করেছি। সেরা দলটি সব সময় জেতে না, আজও (পরশু) তাই হলো।’
আগের ম্যাচেই ওয়েলস হারিয়েছে উত্তর আয়ারল্যান্ডকে। ওই ম্যাচটিও যে খুব একটা দৃষ্টিসুখকর ছিল তা নয়, স্বয়ং বেলই বলেছেন, ‘কী বলব? জানতাম ম্যাচটি কুৎসিত হবে। উত্তর আয়ারল্যান্ড খেলার সুযোগই দেয়নি।’
সে তুলনায় সুইজারল্যান্ড ও পোল্যান্ড ম্যাচটি ছিল চোখজুড়ানো। ১২০ মিনিট ধরে আক্রমণ ও পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচে টাইব্রেকারে হেরেছে সুইজারল্যান্ড। মাঠের খেলায় এগিয়ে থেকেও বিদায় নিয়েছে সুইসরা, যেটি তাদের চোখে ফুটবলের নিষ্ঠুরতা। সুইজারল্যান্ডের কোচ ভ্লাদিমির পেতকোভিচের হতাশা এখানেই, ‘পেনাল্টি হলো রুলেটের (ভাগ্যনির্ভর বাজির খেলা) মতো।’
মাঠের খেলায় যা-ই হোক, সমর্থকেরা অবশ্য খুশি। রোনালদো, বেল আর লেভা তো টিকে রইলেন প্রতিযোগিতায়! টুর্নামেন্টের সূচনা থেকেই এ তিনজনের ওপর ছিল বিশেষ দৃষ্টি। শুরু থেকেই নিজের জাত চেনাচ্ছেন বেল। গ্রুপ পর্বে ৩ গোল করেছেন, ১টি গোল করিয়েছেন। পরশু ওয়েলসকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়া গোলটিও এসেছে তাঁর ক্রস থেকে। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৮টি শট নিয়েছেন বেল, ১২টিই ছিল গোলে!
শট নেওয়ায় ক্লাব-সতীর্থকে ছাড়িয়েছেন রোনালদো। মোট ৩৩টি শট তাঁর। তবে এর মাঝে মাত্র ২টিতে গোল পেয়েছেন। সতীর্থদের দিয়ে ২টি গোলও করিয়েছেন। প্রথম দুই ম্যাচের হতাশা কাটিয়ে সর্বশেষ দুই ম্যাচেই প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠেছেন রোনালদো। কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বড় দুশ্চিন্তার নাম তাই ওই রোনালদো।
সে তুলনায় হতাশ করেছেন লেভানডফস্কি। ৪ ম্যাচে কোনো গোল নেই, কোনো গোলও করাতে পারেননি। পুরো প্রতিযোগিতায় মাত্র আটটি শট! ‘বায়ার্নের লেভা’ যেন ঘুমিয়েই আছেন। ‘ঘুমন্ত’ লেভানডফস্কিকে নিয়েই কোয়ার্টার ফাইনালে চলে এসেছে পোল্যান্ড। তবে বৃহস্পতিবার তাঁকে ঘুম থেকে জেগে উঠতেই হবে, সেদিন যে ফর্মে ফেরা রোনালদোর মুখোমুখি পোল্যান্ড। এএফপি।