
‘খেলা এইবার গরম চলের!!’—পোস্টারে চট্টগ্রামের স্থানীয় ভাষায় লেখা কথাগুলো। শেখ কামাল টুর্নামেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে কাজীর দেউড়ি, র্যাডিসন ব্লু হোটেল এবং আশপাশ এলাকায় পোস্টারে ছেয়ে গেছে। তবে ‘গরম’ টুর্নামেন্ট শুধু পোস্টারেই! বাস্তবে নিস্তরঙ্গ এক ফুটবলের নগরী। গত বছর যে টুর্নামেন্ট নিয়ে চট্টলাবাসী ছিল দারুণ উত্তেজিত, সেই উত্তেজনা এবার রহস্যময় কারণে উধাও! তারপরও চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক মামুনুল ইসলাম ভীষণ আশাবাদী।
মামুনুল এই শহরেরই ছেলে। শহরের দল চট্টগ্রাম আবাহনী এখন পর্যন্ত বাংলাদেশের আশার সলতে জ্বালিয়ে রেখেছে। আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে কোরিয়ার ক্লাব পোচন সিটিজেন এফসির। মাঠে আসতে দর্শকদের প্রতি মামুনুলের কাতর আহ্বান। মামুনুল একাই ম্যাচের টিকিট বিলিয়েছেন অনেক!
দুপুরে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের সম্মেলনকক্ষে এলেন দুই দলের অধিনায়ক। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মামুনুলের সঙ্গে হাত মিলিয়ে ছবি তুললেন পোচন অধিনায়ক হান ইয়ং সু। ফটোসাংবাদিকদের অনুরোধে মুষ্টিযুদ্ধের প্রতীকী ছবিও তুলতে হলো দুজনকে।
মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইটা বেশ জমজমাট ছিল। ‘এই ম্যাচ নিয়ে নিশ্চয়ই চাপে রয়েছেন’—প্রশ্নটা করতেই হান ইয়ং সুয়ের উত্তর, ‘আমরা অল্প চাপে রয়েছি। আমাদের চেয়ে বেশি চাপে থাকবে চট্টগ্রাম আবাহনী। কারণ ওরা বর্তমান চ্যাম্পিয়ন, খেলবেও ঘরের মাঠে।’
এফসি আলগার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে পোচন। এরপর ঢাকা আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র। মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসের সঙ্গেও ড্র (১-১)। তবে কোরিয়ার চতুর্থ স্তরের ক্লাবটির সঙ্গে চট্টগ্রাম আবাহনী এগিয়ে রয়েছে অভিজ্ঞতায়। এই দলের বেশির ভাগ ফুটবলারই জাতীয় দলের। সঙ্গে যোগ দিয়েছে প্রিমিয়ার লিগের অভিজ্ঞ বিদেশি খেলোয়াড় ব্রাদার্সের অগাস্টিন ওয়ালসন, এনকোচা কিংসলে, আরামবাগের থিয়াগো সিলভারা। অথচ টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি চট্টগ্রাম আবাহনী! একটা মাত্র জয় আফগানিস্তানের শাহিন আসমাইয়ের সঙ্গে, ৩-১ গোলে। এরপর মোহামেডানের সঙ্গে গোলশূন্য ড্র। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নেপালের ক্লাব মানাং মার্সিয়াংদির সঙ্গে। দলের এমন পারফরম্যান্সে কোচ সাইফুল বারী টিটু অবশ্য অখুশি নন, ‘গতবারের চ্যাম্পিয়ন আমরা। আমাদের প্রত্যাশা অনুযায়ী সেমিফাইনাল পর্যন্ত এসেছি। সবাই আশা করে আমরা ফাইনালে যাব। ইনশা আল্লাহ চ্যাম্পিয়নও হতে পারি। আমরা এখনো ট্র্যাকেই আছি।’
কিন্তু চ্যাম্পিয়নদের সেরা খেলাটা এখনো মাঠে অনূদিত হচ্ছে না। তবে টিটু আশায় আছেন, নকআউট থেকেই জ্বলে উঠবে তাঁর দল, ‘আমরা টুর্নামেন্টের সেরা খেলাটা খেলার অপেক্ষায় আছি। এ ধরনের দলের বিপক্ষে জিততে হলে সেরাটাই খেলতে হবে। সর্বোচ্চটা দিতে হবে সবাইকে।’
কোরিয়ার দলটি নিয়মিত গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ে সমস্যা রয়েছে। তিন ম্যাচে মাত্র ৩টি গোল। তারপরও প্রতিপক্ষকে সমীহ করছেন টিটু, ‘প্রতিপক্ষ হিসেবে ওরা বেশ শক্তিশালী, এতে সন্দেহ নেই।’
পোচন কোচ কিম জা ইয়ং আসেননি সংবাদ সম্মেলনে। তবে দলের কর্মকর্তা লি ডিকের মুখে জয়ের আশা, ‘ছেলেদের ওপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। জিতেই ফাইনালে যেতে চাই।’
নামেই ক্লাব কাপ। কিন্তু ম্যাচটিকে দুই দেশের মর্যাদার লড়াই হিসেবে দেখছেন মামুনুল, ‘কোরিয়ার চতুর্থ না তৃতীয় বিভাগের দল খেলছে সেটা বড় না, ওরা কোরিয়ার প্রতিনিধিত্ব করছে। চট্টগ্রাম আবাহনীও তা-ই, আমরা প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের। আমি চাই আমাদের দেশের পতাকা দেশেই উড়ুক।’
কিন্তু লাল-সবুজের পতাকাটা ওড়াতে হলে যে আজ জয়ের কোনো বিকল্প নেই মামুনুলদের!