জ্বলে ওঠার অপেক্ষায় নবীন জার্মানরা
>টুর্নামেন্টটা যখন কনফেডারেশনস কাপ, আর প্রতিপক্ষ যখন দক্ষিণ আমেরিকার কোনো দল, ইতিহাস বলে এমন সমীকরণে জয়ের হাসি এর আগে হাসেনি জার্মানি
জোয়াকিম লো একটু স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন, ‘যাক বাবা, দলটা চিলি! ব্রাজিল-আর্জেন্টিনা তো নয়!’
টুর্নামেন্টটা যখন কনফেডারেশনস কাপ, আর প্রতিপক্ষ যখন দক্ষিণ আমেরিকার কোনো দল, ইতিহাস বলে এমন সমীকরণে জয়ের হাসি এর আগে হাসেনি জার্মানি। তিন ম্যাচ খেলেছে, এর মধ্যে দুটিতেই হেরেছে, অন্যটি ড্র। হার দুটি ব্রাজিলের বিপক্ষে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা ড্র। তবে চিলির বিপক্ষে আজ কনফেডারেশনস কাপের ‘দক্ষিণ আমেরিকান’ গেরোটা কাটানোর আশা করতে দোষ নেই জার্মানির কোচ লোর।
একটু বেশিই সরলীকরণ হয়ে গেল? এবারের কনফেডারেশনস কাপে জার্মানি ঠিক চেনা জার্মানি নয়। রাশিয়াতেই ২০১৮ বিশ্বকাপ সামনে রেখে তরুণদের ‘বাজিয়ে দেখছেন’ লো। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের দলে ২০১৪ বিশ্বকাপের প্রতিনিধি মাত্র তিনজন। সেই তিনজন ইউলিয়ান ড্রাক্সলার, ম্যাথিয়াস গিন্টার ও শকোদ্রান মুস্তাফিও বিশ্বকাপে খুব বেশি খেলার সুযোগ পাননি। এমনই অবস্থা, এবার কনফেডারেশনস কাপের আট দলের মধ্যে গড়ে সবচেয়ে কম বয়স জার্মানিরই (২৪ বছর ৪ মাস)। চিলি উল্টো দিকে টুর্নামেন্টের সবচেয়ে ‘বুড়ো’ দল। গড় বয়স ২৯ বছরের একটু বেশি! লড়াই তো তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতারও।
লড়াইটা হতে পারে গ্রুপের সেরা হওয়ারও। নিজেদের প্রথম ম্যাচে জিতেছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দুই দলই। জার্মানি ৩-২ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে, ক্যামেরুনের বিপক্ষে চিলির জয় ২-০ গোলে। আজ যারা জিতবে, তাদের সেমিফাইনাল প্রায় নিশ্চিত। অনেকটা নিশ্চিত গ্রুপসেরা হওয়াও।
কিন্তু ফিফার র্যাঙ্কিংয়ে তিনের (জার্মানি) সঙ্গে চারের (চিলি) লড়াইয়ে জয়টা তো আর এত সহজ নয়। লো সেটি জানেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শেষ ৩০ মিনিটে দল যেভাবে খাবি খেয়েছে, তাতে চিলির বিপক্ষে বেশ সতর্ক জার্মানি কোচ। ছাত্রদের পইপই করে বলে দিয়েছেন ‘৬০ নয়, ৯০ মিনিট নিজেদের ধরে রাখতে হবে।’ মনে করিয়ে দিয়েছেন চিলির শক্তিও, ‘চিলি সন্দেহাতীতভাবে বিশ্বের সেরা দলগুলোর একটি। আমার খেলোয়াড়েরা জানে ওদের দৌড়াতে হবে, আক্রমণে দুর্দান্ত শক্তি দেখাতে হবে।’ অবশ্য প্রথম ম্যাচের শিক্ষার পর এমন বড় ম্যাচে দলের তরুণ ফুটবলারদের জন্য বড় অভিজ্ঞতাও হবে বলে মনে হচ্ছে তাঁর।
চিলি কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি আজ পুরো ফিট অ্যালেক্সিস সানচেজকে পেতে পারেন। ফর্মে আছেন ভিদালও। তবু সতর্ক কোচ। যতই তরুণ হোক, প্রতিপক্ষের নামটা যে জার্মানি! পিজ্জি সেটি গোপনও করেননি, ‘জানি জার্মানি একটা নির্দিষ্ট ধরনে খেলে। মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। বল যারা নিয়ন্ত্রণ করবে, এই ম্যাচের আধিপত্য তাদেরই থাকবে। আমি জার্মানিতে খেলেছি, ওরা কেমন সেটা বেশ ভালোই জানি। ম্যাচটা অনেক কঠিন হবে।’
তা আর বলতে! ফোরফোরটু, ফিফাডটকম।