জয় চায় মরিয়া লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনেও লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের চোখে-মুখে থাকল দুশ্চিন্তার ছাপ  l এএফপি
অনুশীলনেও লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের চোখে-মুখে থাকল দুশ্চিন্তার ছাপ l এএফপি

ব্রেন্ডন রজার্স কি লিভারপুল কোচ হিসেবে সবচেয়ে কঠিন সময় পার করছেন? সম্ভবত। গত মৌসুমে যে দলটাকে প্রিমিয়ার লিগে রানার্সআপ করেছেন, ৫ বছর পর তুলে এনেছেন চ্যাম্পিয়নস লিগে, সে দলেরই এ মৌসুমে বেহাল দশা!
সব ধরনের প্রতিযোগিতায় লিভারপুল টানা চতুর্থ ম্যাচ হেরেছে রোববার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের কাছে। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১২ নম্বরে, শীর্ষে থাকা চেলসির চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে!
অবস্থার উন্নতি না হলে ছাঁটাই হয়ে যেতে পারেন—শঙ্কাটা খোদ রজার্সেরই। তবে উন্নতির শুরুটা হতে পারে আজ চ্যাম্পিয়নস লিগে বুলগেরিয়ান ক্লাব লুদোগোরেৎসের সঙ্গে ম্যাচ দিয়ে। এখানেও খুব একটা সুবিধার নয় লিভারপুলের অবস্থান। গ্রুপে ৪ ম্যাচে পয়েন্ট মাত্র ৩। সমান পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থাকা লুদোগোরেৎসের চেয়ে লিভারপুল এগিয়ে শুধু গোল ব্যবধানে।
ওদিকে ৪ ম্যাচের সব কটিতেই জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রিয়ালের সঙ্গী হওয়ার সম্ভাবনা জাগিয়ে রাখতে আজ জয় চাই লিভারপুলের। তারা আজ ড্র করলেও অঙ্কের হিসেবে সম্ভাবনা থাকবে, যদি অন্য ম্যাচে বাসেলকে হারায় রিয়াল। কিন্তু সেটাও অনেক ‘যদি’ ‘কিন্তু’র ব্যাপার। জয় পেতে তাই আজ মরিয়া রজার্স, ‘এত দিন যা খেলেছি তার চেয়ে অনেক ভালো খেলতে হবে।’
সাদা চোখে লুদোগোরেৎসের সঙ্গে লিভারপুলের জয় পাওয়া উচিত। সেপ্টেম্বরে দুই দলের প্রথম লেগেও রজার্সের দলই জিতেছে ২-১ গোলে, কিন্তু সেটিও এসেছে যোগ হওয়া সময়ে স্টিভেন জেরার্ডের পেনাল্টি গোলে। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলা লুদোগোরেৎস রিয়াল মাদ্রিদের সঙ্গেও লড়ে হেরেছে (২-১)। নিজের মাঠে লিভারপুলের সঙ্গেও জোর লড়াইয়ের প্রতিজ্ঞা লুদোগোরেৎস কোচ জর্জি ডার্মেন্ডজিয়েভের কণ্ঠে, ‘ইউরোপের চ্যাম্পিয়নদের সঙ্গে আমরা সাহসের সঙ্গে খেলেছি, লিভারপুলের সঙ্গেও খেলব। এটা ফুটবল, যেকোনো কিছুই হতে পারে।’
নকআউট পর্বে ওঠা নিয়ে শঙ্কায় জুভেন্টাসও। সিরি ‘আ’-তে দুর্দান্ত ফর্মে থাকা দলটির চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট ৪ ম্যাচে মাত্র ৬। শেষ ষোলোতে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ সুইডিশ ক্লাব মালমোর সঙ্গে ম্যাচটা জুভদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ গ্রুপ ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। আজ না জিতলে জুভেন্টাসের সামনে হিসাব-নিকাশ কঠিন হয়ে যাবে।
রিয়াল মাদ্রিদের জন্য গ্রুপের বাকি দুই ম্যাচ শুধুই নিয়মরক্ষার। সেন্ট জ্যাকব-পার্কে আজ বাসেলের বিপক্ষে তাই রিজার্ভ বেঞ্চটাকে একটু বাজিয়ে দেখতে পারন কোচ কার্লো আনচেলত্তি। ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল আর হামেস রদ্রিগেজদের মধ্যে কেউ কেউ তাই বিশ্রাম পেতেই পারেন। এএফপি, রয়টার্স।
এক নজরে
জেনিত : বেনফিকা
আর্সেনাল : ডর্টমুন্ড
লুদোগোরেৎস : লিভারপুল
বাসেল : রিয়াল মাদ্রিদ
অ্যাটলেটিকো : অলিম্পিয়াকোস
মালমো : জুভেন্টাস
লেভারকুসেন : মোনাকো
আন্ডারলেখট : গ্যালাতাসারাই
* প্রথমে স্বাগতিক দল