জয় দিয়েই শুরু মারুফুলের

জাতীয় দলের কোচ হিসেবে মারুফুল হকের শুরুটা হয়ে গেছে বেশ কিছু দিন আগেই। বিকেএসপির শ্যামলিমায় গোটা দল নিয়ে তিনি এত দিন ব্যস্ত ছিলেন অনুশীলনে। আজই প্রথম মাঠের লড়াইয়ে অভিষেক তাঁর। সাফ চ্যাম্পিয়নশিপের আগে নেপালের বিপক্ষে ১-০ গোলে জিতে সেই অভিষেকটা স্বস্তিরই হয়েছে জাতীয় দলের নতুন কোচের।
স্বস্তির, তবে এমন অভিষেকে মারুফুল কতটা খুশি হতে হবেন, বলা যাচ্ছে না। সাখাওয়াত রনির প্রথমার্ধের গোলে বাংলাদেশের জয়টা যে খুব একটা দাপট দেখিয়ে নয়। কিছুদিন আগেই ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে নেপাল তাদের শীর্ষ তারকা ফুটবলারদের নির্বাসনে পাঠিয়েছে। মোটামুটি নতুন চেহারার এই দলটির বিপক্ষে আরও ভালো ফুটবলই প্রত্যাশিত ছিল। কিন্তু সে দিক দিয়ে তৃপ্তি মেলেনি বঙ্গবন্ধু স্টেডিয়ামে শীতের সন্ধ্যায় উপস্থিত হাজার দশেক দর্শকের।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের কল্যাণে এ বছর প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মামুনুলরা। কিন্তু জয়টা অধরা ছিল অনেক দিনই। আজ নেপালের বিপক্ষে জিতে দীর্ঘ ১০ ম্যাচ পর জয়ের দেখা পেল বাংলাদেশ। এ বছরের শুরুতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ জয় দেখেছিল লাল-সবুজের দল। জয়ের অপেক্ষাটা বেশ দীর্ঘই হয়ে গিয়েছিল।
সাখাওয়াতের আজকের গোলটি ছয় ম্যাচ পর প্রতিপক্ষের জালে বাংলাদেশের প্রথম গোলও। এ বছরের ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে সর্বশেষ গোল করেছিলেন জাহিদ হাসান এমিলি। এ সময় গত দশ ম্যাচে বাংলাদেশের হজম করা গোলের সংখ্যা কিন্তু ২৭! গোলবন্যা হজম করার বিপরীতে গোলশূন্যতায় ভোগা বাংলাদেশকে অবশেষে আজ ম্যাচের ১৮ মিনিটে উদযাপনের উপলক্ষ এনে দিলেন সাখাওয়াত। তাতে ইয়ামিন মুন্নার দুর্দান্ত ক্রসটিরও অবদান কম নয়।
পুরো ম্যাচে গোলের কোনো পরিষ্কার সুযোগ বাংলাদেশ তৈরি করতে পারেনি। একটি গোল অবশ্য অফ সাইডে খাঁড়ায় বাতিলও হয়ে গেছে। তবে যাই হোক, পেছনের দুঃসহ স্মৃতিগুলো মুছে ফেলে জয়ের হাসি তো ফিরল। সাফ চ্যাম্পিয়নশিপের আগে যা খুব দরকার ছিল। তবে সাফে বাংলাদেশের গ্রুপে যেহেতু মালদ্বীপ আর আফগানিস্তান, তাই সমর্থকদের নির্ভার হওয়ার সুযোগও কম।
২০১৩ সালে কাঠমান্ডুর সাফ চ্যাম্পিয়নশিপে সর্বশেষ দেখায় নেপাল বাংলাদেশকে হারিয়েছিল ২-০ গোলে। আজকের জয়টা একদিক দিয়ে নেপালের বিপক্ষে এক ধরনের প্রতিশোধই। কিন্তু হিমালয়-কন্যা পুরো ম্যাচে বলের দখলে এগিয়েই ছিল বাংলাদেশে চেয়ে। বেশ কয়েকবার গোলমুখে আতঙ্কও ছড়িয়েছিল। ম্যাচ শেষ হওয়ার অল্প কিছু আগে একটি দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে না গেলে দীর্ঘ দশ ম্যাচ পর জয়ের তৃপ্তিটাও থাকত না বাংলাদেশের।
নেপালের হয়ে অভিষিক্ত হেমান গুরুং, বিশাল রাইদেরকে নিয়ে বাংলাদেশের পরীক্ষা নিয়েছেন নেপালি অধিনায়ক অনিল গুরুং। ম্যাচের ৩৪ মিনিটে গুরুংই ভালো একটা সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে নেপালের খেলা ছিল অনেক বেশি গোছানো। কিন্তু নেপালি আক্রমণগুলো থমকে যাচ্ছিল বাংলাদেশের রক্ষণের সামনে এসে।
কোচ মারুফুল হকের স্বস্তির কারণ হতে পারেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। বছরজুড়ে মাজহারুল ইসলাম হিমেল, শহীদুল আলম আর রাসেল মাহমুদদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার পর আশরাফুল রানা কিন্তু আজ নিজেকে ভরসায় স্থানেই রেখেছেন। পরীক্ষা-নিরীক্ষাই লক্ষ্য ছিল আজকের ম্যাচে। কোচও বলেছিলেন আজকের ম্যাচে জয়-পরাজয় মুখ্য নয়। সবই ঠিক আছে, কিন্তু আজকের ম্যাচের ভুল-ত্রুটি আগামী ২৪ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শুধরে নিতে পারবে তো বাংলাদেশ?