জয়ই ফাবিও লোপেজের মূলমন্ত্র
বাংলাদেশের ফুটবলে এই প্রথম ইতালিয়ান কোচ এনে চমক দিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ব্যক্তিগতভাবে যিনি ডাচ ফুটবলের বড় ভক্ত। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে আনা হয়েছিল তাঁরই আগ্রহে। ডাচ ঘরানা ছেড়ে এবার ইতালিয়ান কোচ আনলেন তিনি জাতীয় দলের জন্য। প্রথাগতভাবে ইতালির ফুটবল ‘রক্ষণাত্মক’ ফুটবল। তা এখন বাংলাদেশও কি সেই পথে হাঁটবে?
নতুন কোচ ফাবিও লোপেজ রক্ষণাত্মক ধারা অনুসরণ নয়, জয়কেই পাখির চোখ করতে চান, ‘আমার ফুটবল-দর্শন হলো, গোল খাওয়া নয়, গোল দেওয়া। ম্যাচ যখন ০-০, আমার লক্ষ্য ১-০ গোলে এগিয়ে যাওয়া। ১-১ হলে ২-১ করা। এভাবে এগিয়ে যাওয়া এবং জয় নিয়ে মাঠ ছাড়তে চাই।’
বাংলাদেশ দলের দায়িত্ব পেতে উদ্গ্রীবই ছিলেন। অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে তো হাজির হয়েছেন পার্থের গ্যালারিতে। ঢাকায় এসে জর্ডান ম্যাচও দেখেছেন মাঠে বসে। কিন্তু বাংলাদেশ দলের খেলা তাঁর পছন্দ হয়নি। এ নিয়ে কথা বলতে গেলে বিদায়ী কোচের সমালোচনা হয়ে যায়, মনে করিয়ে দিলেন সেটিও। তবে একেবারে মুখও বন্ধ রাখতে পারলেন না। কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘আগের দুটি ম্যাচে বাংলাদেশ দল খুবই বাজে খেলেছে। সমস্যাটা ছিল ট্যাকটিক্যাল। খেলোয়াড়েরা কোথায়-কীভাবে দৌড়াবে সেটাই তারা বুঝতে পারছিল না। সত্যি বলতে, বাংলাদেশ দলের খেলা আমার ভালো লাগেনি।’
খেলোয়াড় বা কোচ হিসেবে তাঁর ক্যারিয়ার সাদামাটাই, কোচিং জীবনে বড় কোনো অর্জনও নেই। উয়েফা ‘এ’ কোচিং সনদ আছে, প্রো-লাইসেন্স নাকি পাওয়ার পথে। নতুন কর্মক্ষেত্রে করণীয়ও ঠিক করে ফেলেছেন, ‘বাংলাদেশ দলের পারফরম্যান্সে উন্নতি আনা আমার বড় লক্ষ্য। খেলোয়াড়দের মধ্যে জয়ের অদম্য ইচ্ছা জাগিয়ে তুলতে চাই। আশা করি, এই সময়ের মধ্যেই কিছু করে দেখাতে পারব।’
বাংলাদেশের ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার কোচ এসেছেন। জার্মানি, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রিয়াসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশের কোচ পেয়েছে এ দেশের ফুটবল। এখন একজন ইতালিয়ান হিসেবে নিজেকে প্রমাণ করার তাগিদ দেখছেন লোপেজ, ‘আমি একজন ইতালিয়ান, এটা আমাকে ভালো করার তাগিদ দিচ্ছে। আমার দুটি দায়িত্ব। ইতালিয়ান হিসেবে নিজেকে প্রমাণ করা এবং আমাকে নিয়োগের মাধ্যমে যে উপহারটা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেটির মর্যাদা রাখা।’
চারবার বিশ্বকাপ জেতা দেশের কোচ জোর দিচ্ছেন খেলোয়াড়দের সঙ্গে তাঁর বোঝাপড়ার ওপর। দুই পক্ষে বোঝাপড়া ভালো হলে আস্থার প্রতিদান দিতে পারবেন বলেই লোপেজের বিশ্বাস।
এক নজরে ফাবিও লোপেজ
জন্ম: ১৭ জুন ১৯৭৩, রোম, ইতালি
পজিশন: গোলরক্ষক
ক্লাব: এএস রোমা একাডেমি দল (১৯৮৫-৮৯), এজিয়াতিজ (১৯৮৯-৯৩)
কোচিং যোগ্যতা: উয়েফা প্রো–লাইসেন্স ২০১৫
কোচিং ক্যারিয়ার: কোচ, এএস রোমা যুব একাডেমি (২০০০-০২); স্কাউট, আটালান্টা (২০০৩-০৫) ও ফিওরেন্টিনা (২০০৫-০৭); কোচ, এফকে বাঙ্গা (লিথুয়ানিয়া প্রথম বিভাগ, ২০০৭-০৮); এফসি সিয়াউলিয়াই (লিথুয়ানিয়া প্রথম বিভাগ, ২০০৮-০৯); টেকনিক্যাল স্পোর্ট ডিরেক্টর, সাবাহ এফসি (মালয়েশিয়া সুপার লিগ, ২০১১); কোচ, মেদান (ইন্দোনেশিয়া প্রিমিয়ার লিগ, ২০১১-২০১২); বিজি স্পোর্টস ক্লাব (মালদ্বীপ প্রিমিয়ার লিগ, ২০১২-১৩)।