জয়নুলের শহরে কি জাগবে ফুটবল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পর আজ শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ময়মনসিংহ পর্ব। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিকেল চারটায় একমাত্র ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা চট্টগ্রাম আবাহনী ও চারে থাকা শেখ জামাল।

ক্রীড়ানুরাগী বলে আলাদা একটা খ্যাতি আছে ময়মনসিংহবাসীর। শহরের মোড়ে মোড়ে মাইকিং করে প্রিমিয়ার লিগের খেলা দেখার আমন্ত্রণ জানানো হচ্ছে। টমটম, স্থানীয় বাহন মলমে (ছোট আকৃতির পিকআপ) বিক্রি হচ্ছে টিকিট। তবে ভিড় নেই বললেই চলে।

জাতীয় পর্যায়ে কোনো ফুটবল প্রতিযোগিতা ময়মনসিংহে শেষ কবে হয়েছিল, সেটাও অনেকে মনে করতে পারলেন না। তবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সাধারণ সম্পাদক মুর্শেদ জাহান স্মৃতি হাতড়ে বললেন, ‘১৯৯১ সালে ময়মনসিংহ স্টেডিয়ামে হয়েছিল শেরেবাংলা কাপ ফুটবল। ২০০৬ সালে হয়েছিল নিটল-টাটা জাতীয় ফুটবল।’

চট্টগ্রাম আবাহনীর সহকারী কোচ নজরুল ইসলাম লেদু সেবার ময়মনসিংহে এসেছিলেন চট্টগ্রাম মোহামেডানের কোচ হয়ে। কাল ময়মনসিংহ পুলিশ লাইন মাঠে অনুশীলনের ফাঁকে বলছিলেন, ‘ওই সময় দর্শকের ঢল নেমেছিল স্টেডিয়ামে। মাঠের মধ্যে এক হাঁটু বৃষ্টির পানি জমে গিয়েছিল। ওই ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হেরেছিলাম। অনেকে টিকিট না পেয়ে ফিরে গিয়েছিল।’

ময়মনসিংহের এই স্টেডিয়াম বছর খানেক অযত্নে, অবহেলায় পড়ে ছিল। গরু-ছাগল চরত। নেশাখোরদের আড্ডা বসত। তবে সংস্কারের পর গত সেপ্টেম্বরে হয়েছে জেলা ফুটবল লিগ ও হকি লিগ। এবার হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ।

স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। প্রধান গেটের সামনেই রাস্তার গর্তে এক হাঁটু পানি। গ্রাউন্ডসম্যানরা ব্যস্ত মাঠ তৈরিতে। স্টেডিয়াম থেকে পাঁচ মিনিটের দূরত্বে পুলিশ লাইন মাঠে তখন অনুশীলন করছেন চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা। ৩ ম্যাচে ৭ জয় নিয়ে অপরাজিত দলটি বেশ ফুরফুরে মেজাজে। মামুনুল, জাহিদ, রুবেল মিয়াদের চোখে-মুখে জয়-ক্ষুধা। কোচ যোসেফ পাভলিকও জয়ের নেশায় মশগুল, ‘এখানকার পরিবেশ চমৎকার, লোকজনও ভালো। আমরা অনেকটা পথ ভ্রমণ করে এসেছি। তারপরও আশা করি, এখানে চমৎকার ম্যাচ উপহার দিতে পারব দর্শকদের।’ শেখ জামাল গত রাতে ময়মনসিংহ শহরে পৌঁছানোর কারণে অনুশীলন করেনি।

এটা সত্যি, শিল্পাচার্য জয়নুল আবেদিনের শহরে ফুটবল উন্মাদনা চোখে পড়েনি। কিন্তু কে জানে আজ বিকেলেই হয়তো সব ভুল প্রমাণ করে উপচে পড়বে গ্যালারি!