জিততে ভুলেই গেছে ফরাশগঞ্জ। হার বা ড্রকেই যেন নিয়তি বলে মেনে নিয়েছেন ফরাশগঞ্জের কোচ রেজাউল হক। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ফেনী সকারের কাছে ৪-২ গোলে হারের পর কোচের মুখে ঝরে পড়ল হতাশা, ‘আর কোনো আশা দেখছি না আমি।’
১৫ ম্যাচে একটিও জয় নেই ফরাশগঞ্জের। হারতে হয়েছে ১০টিতে। বাকি পাঁচ ম্যাচের তিনটিতেই শক্তিশালী প্রতিপক্ষ। অবনমন এড়ানোর আশা তাই নেই বললেই চলে ৫ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা দলটির। কাছাকাছি থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্টও যে ৫ বেশি। টানা দ্বিতীয় জয়ে ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ফেনী সকার।
তৃতীয় মিনিটেই মিডফিল্ডার আলী হোসেনের গোলে এগিয়ে যায় ফেনী সকার। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল। ৩০ মিনিটে স্কোর ৩-০ করেন কেব্বা। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে স্কোর ৩-১ করেন রাসেল। ৭১ মিনিটে ফেনীর ডিফেন্ডার আলাউদ্দিনের আত্মঘাতী গোলে স্কোর হয়ে যায় ৩-২। কিন্তু ৭৭ মিনিটে দাউদা সিসের পা থেকে ফেনী সকারের চতুর্থ গোল ফরাশগঞ্জের ড্রয়ের আশা শেষ করে দেয়। কাটা ঘায়ে নুনের ছিটা ছড়িয়েছে শেষ মিনিটে জহিরের লাল কার্ড দেখা।