জয়ে অভিষেক হ্যানসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচে জোড়া গোল করেছেন এমেকা, উদযাপনের সঙ্গী ওয়েডসনও পেয়েছেন গোল। ছবি: প্রথম আলো।l
ম্যাচে জোড়া গোল করেছেন এমেকা, উদযাপনের সঙ্গী ওয়েডসনও পেয়েছেন গোল। ছবি: প্রথম আলো।l

এককভাবে শীর্ষে ওঠার সুযোগ ছিল দুই দলের সামনেই। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি মুক্তিযোদ্ধা। প্রিমিয়ার লিগের আজ মুক্তিযোদ্ধাকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট শেখ জামালের। সমান ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে রইল মুক্তিযোদ্ধা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ অভিষেকটাও জয় দিয়ে করলেন শেখ জামালের সুইডিশ কোচ স্টেফান হ্যানসন। ম্যাচের পাঁচ মিনিটে এমেকা ডার্লিংটনের গোলে প্রথমে এগিয়ে যায় শেখ জামাল। পেনাল্টি থেকে ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমেকাই। ৩৪ মিনিটে দুর্দান্ত এক রংধনু শটে স্কোরলাইন ৩-০ করেন ওয়েডসন আনসালমে।

গোল শোধে মরিয়া মুক্তিযোদ্ধা ৪৫ মিনিটে প্রথম গোলটি শোধ করেছে, পেনাল্টি থেকে স্কোর ৩-১ করেন তৌহিদুল। ৭৭ মিনিটে দ্বিতীয় গোলটি করে সায়মন হারের ব্যবধান কমিয়েছেন। এর আগে উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে লিগে প্রথম জয় তুলে নিয়েছে বিজেএমসি। বিজেএমসির স্যামসান ইলিয়াসু করেছেন জোড়া গোল। উত্তর বারিধারার একমাত্র গোলটি সৌরভের। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সাতে বিজেএমসি। ৩ পয়েন্ট পাওয়া বারিধারা এগারতম স্থানে।