জয়ে ফিরল ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে কাল ব্যাটিং খুব সহজ ছিল না। তারপরও সাকিব আল হাসানের ঝোড়ো ব্যাটিং ১৭০ রান জড়ো করে দিল ঢাকা ডায়নামাইটসের স্কোরবোর্ডে। অতটা পথ পাড়ি দিতে ব্যর্থ কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচ হেরেছে ৩২ রানে।

৮ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে পরপর দুই ম্যাচ হারা ঢাকা কালকের জয়ের পর আবারও উদ্দীপ্ত হতে পারে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্সের সঙ্গে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে সাকিব আল হাসানের দল।

অবশ্য সাকিবের ব্যাট-বলের পারফরম্যান্স ঠিক অধিনায়কোচিত হচ্ছিল না এবার। আগের ৭ ম্যাচে সর্বোচ্চ ইনিংস খেলেছেন ২৪ রানের, ২ উইকেটের বেশি পাননি কোনো ম্যাচেই। টি-টোয়েন্টির সাকিব যেন নিজের ছায়া হয়ে ছিলেন এত দিন। কিন্তু কাল ২৬ বলে অপরাজিত ৪১ রানের ইনিংসে দিলেন ফিরে আসার ঘোষণা। পরে ১ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরাও।

তবে ঢাকার জয়ের মূল ভিত ছিল সম্মিলিত পারফরম্যান্স। ১৭ বলে ২৩ রান করে ওপেনার মেহেদী মারুফ যথারীতি আক্রমণাত্মক শুরু এনে দেন। টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে মাহেলা জয়াবর্ধনে (৩১) এবং আরেক শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারারও (৩৩) অবদান আছে। দ্বিতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়েছেন দুজন।

দলকে বড় সংগ্রহ এনে দিতে সাকিবের কাজ সহজ হয়ে যায় তাতেই। শেষ ৫ ওভারে ঢাকা করেছে ৬১ এবং সেটা শেষ ৩ ওভারে সাকিব-ঝড়ের সুবাদে। চতুর্থ উইকেট জুটিতে তাঁর সঙ্গী মোসাদ্দেকের ব্যাটও চলেছে সময়ের দাবি মেনে। সোহেল তানভীরের করা ১৮তম ওভারে দুজন মিলে নেন ১৬ রান, মোহাম্মদ শরীফের করা ১৯তম ওভারে ১৯।

কুমিল্লার রান এক শই হয়েছে ১৫তম ওভারে এবং ততক্ষণে উইকেটও পড়ে গেছে চারটি। সেখান থেকে জয়টা ক্রমেই দূরে সরে গেছে মাশরাফি বিন মুর্তজার দলের কাছ থেকে। ওপেনার খালিদ লতিফ (৩৩ বলে ৩৮) ছাড়া লড়াইয়ের মানসিকতাও দেখা যায়নি কারও ব্যাটেই।

জয়ের দিনে ঢাকার জন্য দুঃসংবাদ, অ্যাঙ্কেলে চোট পেয়েছেন পেসার শহীদ।

সংক্ষিপ্তস্কোর

ঢাকাডায়নামাইটস: ২০ ওভারে ১৭০/৪ (মারুফ ২২, সাঙ্গাকারা ৩৩, জয়াবর্ধনে ৩১, সাকিব ৪১*, মোসাদ্দেক ২৫, প্রসন্ন ১১*; মাশরাফি ০/৩১, শান্ত ০/১০, শরিফ ০/৪০, তানভীর ১/৩৬, নাবিল ১/১৬, রশিদ ২/২৬, আল আমিন ০/৮)।

কুমিল্লাভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১৩৮/৮ (শান্ত ১৭, লতিফ ৩৮, ইমরুল ৯, শেহজাদ ২২, লিটন ৫, মাশরাফি ১০, তানভীর ১৪, রশিদ ৩, আল আমিন ৯*, শরিফ ২*; আবু জায়েদ ১/২০, শহীদ ১/৬, সাকিব ১/৩০, ব্রাভো ৩/৩২, প্রসন্ন ১/৩০, সানজামুল ০/১১, নাসির ১/৪, মোসাদ্দেক ০/৩)।

ফল: ঢাকা ডায়নামাইটস ৩২ রানে জয়ী। ম্যানঅবদ্যম্যাচ: সাকিব আল হাসান।