
গত মাসে বাফুফে ভবনে এএফসি কাপের সংবাদ সম্মেলনে এসে শেখ জামাল অধিনায়ক ওয়েডসন আনসেলমে কেঁদেছিলেন। হাইতিয়ান এই ফরোয়ার্ডের দুঃখ—এর আগে টানা দুই ম্যাচ শেখ জামালের জার্সি পরে কখনোই হারেননি। যদিও এরপর এএফসি কাপের আরেকটি ম্যাচেও হেরেছে শেখ জামাল। টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল পেশাদার লিগের চ্যাম্পিয়ন দলটি। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা কাপে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে তাই ডাগ-আউটে বসে ফেসবুকে খুশির খবরটা বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করলেন ওয়েডসন।
গত মৌসুমের ১২ জন ফুটবলার শেখ জামাল ছেড়ে যোগ দিয়েছে বিভিন্ন ক্লাবে। নতুন করে দল গড়তেই যেন হিমশিম খেতে হয়েছে। শরীফুল, জাহেদ, আনিসুরদের মতো বেঞ্চে বসা ফুটবলারদের সঙ্গে মুক্তিযোদ্ধা থেকে আসা এনামুল এবং তিন বিদেশি এমেকা, ওয়েডসন, ল্যান্ডিংদের নিয়েই স্বাধীনতা কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল।
মুক্তিযোদ্ধা থেকে শেখ জামালে নাম লেখানো জাতীয় দলের স্ট্রাইকার এনামুল ৯ মিনিটে করেছেন প্রথম গোল, এমেকার ক্রস থেকে চমৎকার প্লেসিংয়ে। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েডসন (২-০)। মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে গোল করেন হাইতিয়ান এই ফরোয়ার্ড। গোল শোধের মরিয়া চেষ্টা ছিল মোহামেডানের মধ্যে। ২০ মিনিটে মোহামেডানের ক্যামেরুনিয়ান ডিফেন্ডার পাউমি লানড্রির দুর্দান্ত ভলি গোললাইন থেকে বাঁচিয়ে দেন শেখ জামাল ডিফেন্ডার আনিসুর। ১২ এপ্রিল মালয়েশিয়ায় এএফসি কাপে খেলবে শেখ জামাল। এই জয়টা যেন সেই আত্মবিশ্বাসেরই একটুখানি জ্বালানি হয়ে এল ফুটবলারদের জন্য।
আজকের খেলা: শেখ রাসেল ক্রীড়াচক্র-আরামবাগ, মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম আবাহনী (বিকেল ৪-৩০ ও সন্ধ্যা ৬-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।