ব্রাজিল–আর্জেন্টিনায় জিতল বসুন্ধরা

গোলের পর বসুন্ধরার ব্রাজিলিয়ান ফুটবলার রবসন আজেভাদো দা সিলভাছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গোল কি কম হয়ে গেল না!’

৩-০ গোলে জেতার পরও প্রশ্নটি অনেকের। এই প্রশ্নেই লুকিয়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে বসুন্ধরা কিংসের দাপট। বড় জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

একটি করে গোল করেছেন আর্জেন্টিনার রাউল বেসেরা ও ব্রাজিলের রবসন আজেভাদো দা সিলভা। অন্য গোলটি আত্মঘাতী। তবে বসুন্ধরা অন্তত ৬ গোলে ম্যাচটি জিতলে অবাক হওয়ার কিছু ছিল না।

আধা ডজন গোল কেন হলো না? এ রহস্য ভেদ করতে গেলে বের হয়ে আসছে আর্জেন্টাইন নাম্বার নাইন রাউল বেসেরার অফ মুডে থাকা ও গোলের সহজ সুযোগগুলো হাতছাড়া করা।

বদলি মাহবুবুর রহমানসহ কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত ঝলক দেখাতে গিয়েও গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। এ ছাড়া মৌসুমের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নামলে যে ভুলগুলো হয় আরকি!

৪-৩-৩ ফরমেশনে একাদশ সাজিয়েছিলেন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন। কিন্তু সেটিকে দেখে মনে হচ্ছিল ২-৪-৪। তাদের আক্রমণভাগ দেখলে রংধনুর মতো মনে হয়। সেখানে কত রং। ব্রাজিলের দুই আক্রমণাত্মক মিডফিল্ডার রবসন আজেভাদো দা সিলভা ও জোনাথন ফার্নান্দেজ। আর্জেন্টাইন নাম্বার নাইন রাউল বেসেরা।

লাতিন এই ত্রয়ীর পাশে বাংলাদেশি দুই উইঙ্গার মতিন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিম। এ ছাড়া দুই সাইডব্যাক বিশ্বনাথ ঘোষ ও রিমন মিয়ার ওভারলেপিং ঠেকাতে গিয়েই জ্বর দিয়ে ঘাম ছোটার মতো অবস্থা রহমতগঞ্জের দুই সাইডব্যাকের।

এদের সামনে পুরান ঢাকার রহমতগঞ্জকে মনে হচ্ছিল একেবারেই অসহায়। ৪-১-৪-১ ফরমেশনে একাদশ সাজিয়েছিলেন সৈয়দ গোলাম জিলানী। চার বিদেশি কোটার তিনজনকে ছাড়াই একাদশ সাজাতে হয়েছিল তাঁকে।

একমাত্র মিসরের সেন্টারব্যাক আলাদেন নাসেরকে নিয়ে মাঠে নামেন তাঁরা। স্থানীয় তরুণদের নিয়ে আর কতটা বাঁধ দেওয়া যায়।

রহমতগঞ্জের রক্ষণভাগে ত্রাস ছড়িয়েছেন রবসন
ছবি: বাফুফে

আর্জেন্টাইন জাত চেনাতে পারলে ম্যাচ শুরুর দুই মিনিটেই এগিয়ে যেতে পারত বসুন্ধরা। রিমন হোসেনের ক্রসে গোলমুখে বলের ভালো নিয়ন্ত্রণ নিয়েছিলেন বেসেরা। কিন্তু তাঁর নেওয়া শট গোলরক্ষক লিটনের গায়ে।

৪৩ মিনিটে ব্রাজিল-আর্জেন্টিনা রসায়নে গোলের খাতা খোলে বসুন্ধরা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দেজের নেওয়া ফ্রি–কিকে হেডে গোলটি করেন আর্জেন্টাইন বেসেরা।

দ্বিতীয়ার্ধে তছনছ মুডে মাঠে ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। রবসনের পায়ে বল গেলে তাঁকে আটকে রাখার সামর্থ্য ছিল না কারও। আর যদি ভুল করে তাঁর পায়ে প্রতিপক্ষ বল তুলে দেয়, সেটি তো ক্ষমার অযোগ্য! ৫৪ মিনিটে সে খেসারতই দিয়েছে রহমতগঞ্জ।

সেন্টারব্যাক মাহমুদুল হাসান পাস দিতে গিয়ে রবসনের পায়ে বল তুলে দেন। অ্যাটাকিং থার্ডে ব্রাজিলিয়ান জাতের পায়ে বল পড়লে যা হয়।

একনজরে দেখে নিলেন গোলরক্ষক লিটন পোস্ট ছেড়ে সামনে এগিয়ে এসে দাঁড়ানো। বক্সের বাইরে থেকে মাথার ওপর দিয়ে জালে।

রহমতগঞ্জের রক্ষণভাগ ভুগেছে বসুন্ধরার সামনে
ছবি: বাফুফে

এর পাঁচ মিনিট পরই রবসন–বেসেরার রসায়নে ৩-০ হতে পারত। রবসনের সঙ্গে ওয়ান টু খেলে বক্সে প্রবেশ করে তালগোল পাকিয়ে পোস্টেই রাখতে পারেননি বেসেরা। একচেটিয়া আক্রমণে রহমতগঞ্জ তখন দিশেহারা।

পুরান ঢাকার ডিফেন্ডারদের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল, ‘আর কত ঠেকানো যায়!’ ৬৫ মিনিটে বসুন্ধরার তৃতীয় গোলটি আত্মঘাতী। মিসরের সেন্টারব্যাক আলাদেন নাসের হেড করে ক্লিয়ার করতে গিয়ে জালে জড়িয়ে দেন।