
চূড়ান্ত পর্বে উঠতে হলে অন্তত সেরা পাঁচটি রানার্সআপ দলের মধ্যে থাকতে হবে। বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার সাহস দেখাচ্ছেনও না। প্রথম দুই ম্যাচে ৬ পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য নিয়েই নেমেছেন প্রতিযোগিতায়। যাত্রার প্রথম ধাপটি ভালোভাবেই পার করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে গতকাল নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের যুবারা। গোল দুটি করেছেন মান্নাফ রাব্বি ও মাসুক মিয়া জনি।
জয়টা যে সহজে ধরা দিয়েছে, তা কিন্তু নয়। কাঙ্ক্ষিত গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬৬ মিনিট পর্যন্ত। গোল আসছিল না বলে বারবার হাতঘড়ির দিকেও তাকাচ্ছিলেন কোচ। তাঁর কপালে পড়ছিল চিন্তার ভাঁজ।
ম্যাচের ২০ মিনিটেই অবশ্য গোল পেতে পারত বাংলাদেশ। কিন্তু ইব্রাহিমের দুর্দান্ত এক হেড ফিরিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক রিশাদ। এটি বাদে প্রথমার্ধে চোখে পড়ার মতো তেমন আক্রমণ আর দেখা যায়নি। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যুবদলকে দেখা গেছে অন্য চেহারায়।
গোলের জন্য বারবার কৌশল বদলেছেন কোচ। কখনো রাব্বি-রোহিতদের জায়গা বদলিয়ে খেলিয়েছেন, কখনো রাব্বিকে সরিয়ে বদলি হিসেবে নামা নিপুকে খেলিয়েছেন একক স্ট্রাইকার হিসেবে। কৌশল পাল্টেই পেয়ে গেছেন সাফল্য।
৬৬ মিনিটে ইব্রাহিমের ফ্রি-কিক থেকে বক্সের মধ্যে বল পেয়ে যান রোহিত সরকার। কিন্তু সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি। তবে সামনে দাঁড়ানো রাব্বির আলতো টোকায় বল ঢোকে জালে (১-০)। বাংলাদেশ দ্বিতীয় গোলটি পেয়েছে ৮২ মিনিটে। বক্সের মধ্যে দাঁড়ানো শ্রীলঙ্কান অধিনায়ক ধনুশঙ্কার হাতে বল লাগায় পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। তা থেকেই ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মাসুক মিয়া জনি (২-০)।
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে খুশি সাইফুল বারী, ‘ছেলেদের খেলায় আমি সন্তুষ্ট। আমি শুরু থেকেই বলে এসেছি প্রথমে ৬ পয়েন্ট নিতে চাই আমরা। সেই পথে একটু হলেও এগিয়েছি।’
দুর্বল শ্রীলঙ্কাকে সামনে পেয়েও গোলের যথেষ্ট সুযোগ তৈরি করতে পারেননি মান্নাফ রাব্বি, ইব্রাহিমরা। ম্যাচ শেষে এ নিয়ে আক্ষেপ ঝরল কোচের কণ্ঠে, ‘আমরা গোলের সুযোগ পেয়েছি। তবে তা যথেষ্ট ছিল না। এটা নিয়ে আরও কাজ করতে হবে আমাদের।’
কোচ চেয়েছিলেন ম্যাচে দ্রুত গোল বের করতে। কিন্তু শ্রীলঙ্কার জমাট রক্ষণের সঙ্গে পেরে উঠছিল না বাংলাদেশ। এ নিয়েও উদ্বিগ্ন ছিলেন কোচ, ‘গোল আসছিল না দেখে দ্বিতীয়ার্ধে একটু উদ্বিগ্ন ছিলাম। তবে ছেলেদের বলেছিলাম আন্তর্জাতিক ম্যাচে এভাবে চাপ উতরে খেলতে হবে।’
রোহিত, ইব্রাহিম, মান্নাফ রাব্বিরা গোলের বেশ কটি সুযোগ নষ্ট করেছেন। কখনো দিয়েছেন ভুল পাস। কোচের আশা ছেলেরা ম্যাচের এই ভুলগুলো থেকে শিক্ষা নেবে, ‘ভুটান ও উজবেকিস্তানের বিপক্ষে আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে। আজ ভুটানের ম্যাচ কিছু সময় দেখেছি। ভুটানকে আরও পর্যবেক্ষণ করব আমরা। ওদের ম্যাচের ভিডিও দেখব। এই ম্যাচের ভুলভ্রান্তিগুলো শুধরে নিতে হবে।’
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ছেলেদের পারফরম্যান্সে খুশি শ্রীলঙ্কার কোচ সুমিত ওয়ালপোলা, ‘বাংলাদেশ আমাদের তুলনায় অনেক ভালো দল। কিন্তু আজ ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি সন্তুষ্ট।’
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল, প্রতিপক্ষ ভুটান।