
তাঁর কাঁধে চড়েই বাছাইপর্ব পেরিয়েছে ওয়েলস। দেশের ইউরো অভিষেকেও গোল করে গ্যারেথ বেল স্মরণীয় করে রাখলেন উপলক্ষটি। স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা হলো তাঁর দলেরও।
কাল ইউরোতে অভিষেক হলো ওয়েলস, স্লোভাকিয়া দুই দলেরই। ১০ মিনিটেই ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পেল ওয়েলস। বেলের জোরালো শটের দিক বুঝতে ভুল করলেন স্লোভাক গোলকিপার কোজাচিক, দুর্দান্ত অভিষেক বেলের। তবে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন উন্দ্রেই দুদা। বদলি হিসেবে নামলেন ৬০ মিনিটে। ৫৪ সেকেন্ডের মধ্যে দুর্দান্ত এক গোল, দল ফেরে সমতায়। শেষের চমক বাকি তখনো। অ্যারন রামসের পাস থেকে ৮১ মিনিটে গোল করেন আরেক বদলি স্ট্রাইকার রবসন কানু। ৫৮ বছর পর ফুটবলের কোনো বড় আসরে প্রত্যাবর্তন জয় দিয়েই উদ্যাপন করল ওয়েলস।
ওয়েলসের মতোই প্রথমবারের মতো ইউরোতে পা রেখেছে আলবেনিয়া। তবে অভিষেকটি অত ভালো হয়নি তাদের। ধারেভারে এগিয়ে থাকা সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে দলটি। ম্যাচের ভাগ্য আসলে ঠিক হয়ে গেছে প্রথম পাঁচ মিনিটেই। জেরদান শাকিরির বাঁ পায়ের কর্নার থেকে গোল করেন সুইস ডিফেন্ডার ফাবিয়ান শার। ৩৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন আলবেনিয়ার অধিনায়ক লরিক সানা। তবে ১০ জন নিয়ে আলবেনিয়া খুব একটা খারাপ করেনি, বরং মাঝেমধ্যেই প্রতি-আক্রমণে ভীতি ছড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ফিরেছে শূন্য হাতে।