চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নয় মুক্তিযোদ্ধা। তবে চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে ঠিকই। ফেডারেশন কাপের ফাইনালে উঠে সেই প্রমাণও দিয়েছে আবু ইউসুফের দল। এবার প্রিমিয়ার লিগেও করল শুভসূচনা। ফেনী সকারকে নিজেদের প্রথম ম্যাচে হারাল ২-১ গোলে।
এই মুক্তিযোদ্ধার সবচেয়ে বড় নাম স্ট্রাইকার এনামুল। জাতীয় দলে নজর কেড়ে হঠাৎই হারিয়ে যেতে বসেছিলেন চোটাঘাতে। ফিরে এসে এবার বেশ ঝলমলে এনামুল। গোল পাচ্ছেন নিয়মিতই। লিগের প্রথম ম্যাচের শুরুতেই তাঁর পায়ে ঝলক। ১২ মিনিটে বক্সের বাইরে থেকে যেভাবে কোনাকুনি শটে বল জালে জড়ালেন, এনামুলকে ফিরিয়ে নিল যেন তাঁর সেরা সময়ে!
বিরতির ঠিক আগে ২-০। দ্বিতীয় গোলটি অবশ্য উপহার হিসেবে পাওয়া। ফেনী সকারের মানিক তালগোলে বল জড়ান নিজেদের জালে। মজার ব্যাপার, ৪৯ মিনিটে ২-১ হলো আত্মঘাতী গোলেই। এবার নিজেদের জালে বল পাঠান মুক্তিযোদ্ধার বিপ্লব। ৩ গোলের দুটিই আত্মঘাতী গোল!
তবে যোগ্যতর দল হিসেবেই কাল ৩ পয়েন্ট ঘরে তুলেছে মুক্তিযোদ্ধা। এনামুলের নেতৃত্বে খেলোয়াড়েরা বেশ উদ্যমী। বল হারালে দ্রুত কেড়ে নিতে না পারার দোষটা ঘোচানোর চেষ্টা কাল চোখে পড়ল। সব মিলিয়ে কিছু ঘাটতি থাকলেও অনেক দূর যাওয়ার আভাস মুক্তিযোদ্ধার খেলায়।