জয়ে শুরু লিভারপুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে এল সেই কাঙ্ক্ষিত গোল। লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের উদযাপনের সঙ্গী হলেন সতীর্থ জর্ডান হেন্ডারসন। কাল অ্যানফিল্ডে ষ রয়টার্স
অবশেষে এল সেই কাঙ্ক্ষিত গোল। লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের উদযাপনের সঙ্গী হলেন সতীর্থ জর্ডান হেন্ডারসন। কাল অ্যানফিল্ডে ষ রয়টার্স

শুরুটা কেমন হবে সুয়ারেজবিহীন লিভারপুলের? ব্রেন্ডন রজার্স হয়তো একটু উৎকণ্ঠায় ছিলেন। এখন অবশ্য রজার্স স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন! সুয়ারেজহীন লিভারপুলের নতুন মৌসুমের শুরুটা হয়েছে জয় দিয়েই। কাল সাউদাম্পটনকে ২-১ গোলে হারানোর পর লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ আরেকটু সামনের দিকে তাকিয়ে বলে ফেললেন, ‘আমরা এখন আগের চেয়েও শক্তিশালী দল।’
স্টারিজের কথা নিয়ে দ্বিমত থাকতে পারে। সুয়ারেজের শূন্যতা পূরণ করা তো সহজ নয়। কাল অন্তত সেটি টের পেতে দেননি স্টারিজ-স্টার্লিংরা। তবে জয়টা মোটেই সহজে আসেনি। তিন পয়েন্টের জন্য সাউদাম্পটন ‘অল রেডদের’ ঘামই ঝরিয়ে ছেড়েছে।
লিভারপুলের শুরুটা অবশ্য দুর্দান্তই হয়েছিল। ২৩ মিনিটে মাঝমাঠ থেকে অসাধারণ একটা বল বাড়িয়েছিলেন মিডফিল্ডার জর্দান হেন্ডারসন। দারুণ এক দৌড়ে সেটি ধরে জালে জড়িয়ে দেন উইঙ্গার স্টার্লিং। ১-০ গোলের অগ্রগামিতা নিয়েই প্রথমার্ধ শেষ করে লিভারপুল।
দ্বিতীয়ার্ধে সাউদাম্পটন ঘুরে দাঁড়ায় দারুণভাবে। গত মৌসুমে চমক জাগানো দলটি এবার বেশ কয়েকজন খেলোয়াড়কে হারিয়েছে। শুধু লিভারপুলই তাদের তিনজন খেলোয়াড়কে দলে নিয়ে এসেছে। যদিও কাল ‘সেইন্টরা’ সেই শূন্যতা তেমন বুঝতে দেয়নি । ৫৬ মিনিটে গোলও শোধ করে ফেলে। সার্বিয়ান মিডফিল্ডার টাডিচের দুর্দান্ত এক ফ্লিক থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন রাইটব্যাক নাথানিয়েল ক্লাইন।
কিন্তু ৭৯ মিনিটে স্টারিজ আবার এগিয়ে দেন দলকে। ডানদিক থেকে আসা ক্রসটা ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় বলটা এসে পড়ে স্টার্লিংয়ের কাছে। তাঁর হেড থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন স্টারিজ। এরপর বেশ কয়েকবার লিভারপুলকে কাঁপিয়ে দিয়েও গোল পায়নি সাউদাম্পটন।
রানার্সআপ লিভারপুলের মতো জয় দিয়ে লিগ শুরু করেছে চ্যাম্পিয়নরাও। নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। গোল করেছেন ডেভিড সিলভা ও সার্জিও আগুয়েরো। স্টার স্পোর্টস ৪, বিবিসি।