জয়ে শুরু শেখ জামালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ে শুরু শেখ জামালের
জয়ে শুরু শেখ জামালের

ইদানিং মাঠের বাইরের খবরেই বেশি আলোচনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কখনো আদালত পাড়ায়, কখনো ফুটবল পাড়ায়— শিরোনামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। নিজেদের দাবি করা আট ফুটবলারকে শেষ পর্যন্ত কি ফিরে পাচ্ছে শেখ জামাল? স্বাধীনতা কাপে খেলবে তারা? এমন অজস্র প্রশ্ন ফুটবল অঙ্গনে। শেখ জামালের কারণে অন্তত চারবার স্বাধীনতা কাপের সূচি বদলেছে বাফুফে। কাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল শেখ জামালের। ফুটবলারদের সর্দি-জ্বরকে কারণ দেখিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ক্লাবটি। আজ অবশ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামে নির্ধারিত সময়েই। সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু ম্যাচে মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে শেখ জামাল।

মুক্তিযোদ্ধা থেকে শেখ জামালে নাম লেখানো জাতীয় দলের স্ট্রাইকার এনামুল প্রথম গোলটি করেছেন। ম্যাচের ৯ মিনিটে এমেকার ক্রস থেকে এনামুলের চমৎকার প্লেসিংয়ে এগিয়ে যায় শেখ জামাল(১-০)। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েডসন (২-০)।

গোল শোধের মরিয়া চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেনি মোহামেডান। ২০ মিনিটে মোহামেডানের ক্যামেরুনিয়ান ডিফেন্ডার পাউমি লানড্রির ভলি গোললাইন থেকে বাঁচান শেখ জামাল ডিফেন্ডার আনিসুর।

কালকের খেলা: শেখ রাসেল-আরামবাগ (সাড়ে ৪টা), মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম আবাহনী (সাড়ে ৬টা)