জয়ে শুরু সাম্পাওলির আর্জেন্টিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কোচ হোর্হে সাম্পাওলির প্রথম ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক গ্যাব্রিয়েল মারকাদো (মাঝে)। কাল মেলবোর্নে l রয়টার্স
নতুন কোচ হোর্হে সাম্পাওলির প্রথম ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক গ্যাব্রিয়েল মারকাদো (মাঝে)। কাল মেলবোর্নে l রয়টার্স

এমন কখনো হয়েছে যে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ চলছে, আর আপনি ভাবছেন রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজায় না কেন? আগে না হলেও কাল এমন উপলব্ধি অনেকেরই সম্ভবত হয়েছে। মাঝেমধ্যে তো মনে হচ্ছিল, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচও চোখের জন্য এতটা পীড়াদায়ক হতে পারে!
তা ম্যাচ যেমনই হোক, স্কোরলাইনটা নিশ্চিতভাবেই কপালের ভাঁজ কিছুটা মুছে দিয়ে হাসির রেখা এঁকে দিয়েছে হোর্হে সাম্পাওলির মুখে। জয় দিয়ে শুরুটা করতে পেরেছেন আর্জেন্টিনার নতুন কোচ। সেটিও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে! মেলবোর্নে কাল প্রীতি ম্যাচে তিতের দলকে ১-০ গোলে হারিয়েছে সাম্পাওলির আর্জেন্টিনা। গোলটা করেছেন কে? এদিকে মেসি-দিবালা ছিলেন, ওদিকে নেইমার না থাকলেও ছিলেন কুতিনহো-উইলিয়ানরা। তবে গোলটা এল এক ডিফেন্ডারের পায়ে। গ্যাব্রিয়েল মারকাদো!
ম্যাচের আগে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দুটি আক্ষেপ ছিল। একে তো ম্যাচটা পড়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের দিনে, তার ওপর বাংলাদেশে দেখা যায় এমন কোনো টিভি চ্যানেলেও এটি দেখায়নি। তা-ও ইন্টারনেটে এদিক-ওদিক খুঁজে ম্যাচটা যাঁরা দেখেছেন, তাঁরা খুব একটা ফুটবলের আনন্দে মোহিত হয়েছেন, তেমনটা বলা যাবে না। অবশ্য তেমন না হওয়াও অস্বাভাবিক নয়। প্রথমত এটি প্রীতি ম্যাচ, সেটিও আবার লম্বা ক্লাব মৌসুমের শেষে। ফুটবলারদের তো বলতে গেলে ‘ছেড়ে দে ভাই ছুটিতে যাই’ অবস্থা!
তবু এই ম্যাচকে ঘিরে আগ্রহ ছিল। আর্জেন্টাইন সমর্থকদেরই বেশি। সাম্পাওলি-যুগের শুরুটা কেমন হয় দেখতে হবে না! তবে পারফরম্যান্স চোখজুড়ানো না হলেও আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে কিছুটা আশা নিশ্চিতভাবেই দিল সাম্পাওলির প্রথম ম্যাচ। অল্প হলেও প্রথম ম্যাচেই যে দলের ওপর নিজের প্রেসিং-পাসিং ফুটবলের ছাপ কিছুটা রেখেছেন নতুন কোচ।
লিওনেল মেসি স্বরূপে ছিলেন না। দু-একটা ড্রিবল, কয়েকটা নিখুঁত থ্রু, আর ছোট ছোট কিছু স্প্রিন্ট...ম্যাচে মেসির ঝলক বলতে এতটুকুই। ম্যাচের আগে সাম্পাওলি যে মেসি-দিবালা যুগলবন্দী গড়ে তোলার কথা বলেছিলেন, তা নিয়ে সাম্পাওলিকে আরও কাজ করতে হবে। তবে ৬ মিনিটেই প্রথম সুযোগটা পেয়েছিল ৩-৪-৩ ছকে শুরু করা আর্জেন্টিনাই। পাওলো দিবালার থ্রু ধরে অ্যাঙ্গেল ডি মারিয়ার শটটা ফেরে পোস্টে লেগে। আর প্রথমার্ধের শেষ দিকে সাম্পাওলিকে জয়ের তৃপ্তি এনে দেওয়া গোলটি করেছেন মারকাদো। শর্ট কর্নার থেকে ডি মারিয়ার ক্রস আসে বক্সে, ওটামেন্ডির শট পোস্টে লেগে ফিরলে তা আবার জালে জড়িয়ে দেন মারকাদো। মজার তথ্য, বিশ্বকাপ বাছাইপর্বে মেসির (৪) পর আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এই রাইটব্যাকই (২টি)!
সুযোগ কাজে লাগাতে পারলে অবশ্য আর্জেন্টিনা নয়, ম্যাচটা জিতে যেত নেইমারহীন দ্বিতীয় সারির ব্রাজিলই। ২২ মিনিটে বক্সে বল পেয়েও ফিলিপে কুতিনহো শট নিতে এত বেশি সময় কেন নিলেন, তা তিনিই ভালো বলতে পারবেন। ৬২ মিনিটে তো কয়েক সেকেন্ডের মধ্যেই গ্যাব্রিয়েল জেসুস ও উইলিয়ানের দুটি শট পোস্টে লেগে ফেরে!
ম্যাচটিকে অনিয়মিত খেলোয়াড়দের পরখ করে দেখার সুযোগ হিসেবেই নিয়েছিলেন তিতে। তার মূল্য অবশ্য দিতে হয়েছে ব্রাজিলের ডাগআউটে প্রথম ম্যাচ হেরে। হারটা একটা প্রীতি ম্যাচে, সেটিই স্বস্তি দেবে তিতেকে। তবে আবার অস্বস্তিও থাকবে। হারটা যে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে!