জয়েই উত্তর সব প্রশ্নের

পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস আগেও জবাব দিয়েছেন সমালোচকদের। দিলেন চ্যাম্পিয়ন হওয়ার পরও
ইউসেবিওরা পারেননি। পরের প্রজন্মের কেউ পেরেছেন, এটাও দেখে যাওয়া হয়নি পর্তুগালের ‘কালো চিতা’র। আক্ষেপ নিয়েই না-ফেরার দেশে চলে গেছেন ২০১৪ সালে। তবে চলে যাওয়ার আগে দেখে গেছেন, খুব কাছে গিয়েও আরও একবার লুইস ফিগো ও রুই কস্তাদের খালি হাতে ফেরা। এক যুগ আগে লিসবনের ফাইনালে গ্রিসের কাছে সেই স্বপ্নভঙ্গের ম্যাচে ফিগো-কস্তাদের সঙ্গে ছিলেন তরুণ ক্রিস্টিয়ানো রোনালদোও।
পরের ১২ বছরে সেই রোনালদো সমকালীনদের গণ্ডি ছাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরাদের কাতারে। কিন্তু বৈশ্বিক আসরে একটা ট্রফি পর্তুগালের আক্ষেপ হয়েই ছিল এত দিন, আক্ষেপ হয়ে ছিল রোনালদোরও।
সেন্ট ডেনিসে পরশু রাতে ইউরোর ফাইনালে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে সেই ইতিহাস বদলে দিয়েছে পর্তুগাল। দেশের হয়ে ট্রফি জেতার অপেক্ষা অবশেষে ফুরিয়েছে রোনালদোরও।
এমন না যে অসাধারণ ফুটবল খেলে এবারের ইউরো জিতেছে পর্তুগাল। কারও কারও চোখে একটু বেশিই রক্ষণাত্মক ছিল তাঁদের কৌশল। সে জন্য ফাইনালের আগেও পর্তুগিজদের শুনতে হয়েছে—তারা কুৎসিত ফুটবল খেলে এই পর্যন্ত এসেছে।
পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস আগেও এর জবাব দিয়েছেন সমালোচকদের। দিলেন চ্যাম্পিয়ন হওয়ার পরও, ‘সুন্দর ফুটবল খেললাম কি খেললাম না, সেটি আমাদের কাছে বড় ব্যাপার নয়। কখনো আপনি সুন্দর খেলেও হারবেন, আবার কখনো কুৎসিত খেলে জিতে যাবেন। আমারও সুন্দর ফুটবল পছন্দ। কিন্তু সুন্দর খেলে বাড়ি চলে যাওয়ার চেয়ে কুৎসিত খেলে যদি চ্যাম্পিয়ন হওয়া যায়, আমি কুৎসিত খেলাটাই বেছে নেব।’ পর্তুগালের কৌশলটা তিনি ব্যাখ্যা করেছেন কবিত্ব করে, ‘আমরা ছিলাম ঘুঘুর মতো সরল আর সাপের মতো ধূর্ত।’
এই পর্তুগাল দলের প্রাণভোমরা সেই রোনালদো অবশ্য ম্যাচের বেশির ভাগ সময়ই খেলতে পারেননি। চোট পেয়ে দুই দফায় পরিচর্যা নিয়ে পরে মাঠ ছেড়েছেন ২৫ মিনিটেই। তবে খেলতে না পারলেও ড্রেসিংরুমে আর ডাগ-আউটে থেকে সতীর্থদের দারুণভাবে প্রেরণা দিয়ে গেছেন পর্তুগিজ অধিনায়ক। কোচ সান্তোসের উচ্ছ্বাসের অনেকটাই তাই অধিনায়ককে নিয়ে, ‘খেলা চালিয়ে যাওয়ার জন্য একটা মানুষের পক্ষে যতটা চেষ্টা করা সম্ভব, আজ সে দুবার সেটা করেছে, কিন্তু আসলে কাজটা অসম্ভব ছিল। তবে ড্রেসিংরুমে তাঁর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে দারুণভাবে আমাকে সমর্থন করেছে। দিনটা যে আমাদের হতে যাচ্ছে, এই বিশ্বাস আমার যতটা ছিল, ততটাই ওরও।’
রোনালদোর সেই পুরো সময় খেলতে না পারার আক্ষেপ পরে ধুয়েমুছে গেছে ইউরোর ট্রফিটা উঁচিয়ে ধরার পর। প্রথমবারের মতো দেশের হয়ে কিছু জেতার আনন্দে পর্তুগিজ অধিনায়কও রীতিমতো উড়ছেন, ‘যে রকম ফাইনাল চেয়েছিলাম সেটি হয়নি, কিন্তু আমি দারুণ খুশি। ক্লাবের হয়ে আমি অনেক কিছু জিতেছি। জাতীয় দলের হয়ে কিছু জেতার অভাব ছিল আমার এত দিন। আমি খুবই আনন্দিত আর গর্বিত।’
স্টেডিয়ামে পর্তুগালের সমর্থনে গলা ফাটিয়েছে যে বিশাল দর্শকগোষ্ঠী, তাদেরই বেশির ভাগই ফ্রান্সে অভিবাসী পর্তুগিজ। তাঁদের ধন্যবাদ জানাতেও ভোলেননি রোনালদো, ‘এ ট্রফিটা পর্তুগালের সবার জন্য, সব অভিবাসীর জন্য, যাঁরা আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন, তাঁদের সবার জন্য।’ এএফপি, রয়টার্স।
রোলঅবঅনার
চ্যাম্পিয়ন রানার্সআপ
১৯৬০ সো. ইউনিয়ন যুগোস্লাভিয়া
১৯৬৪ স্পেন সো. ইউনিয়ন
১৯৬৮ ইতালি যুগোস্লাভিয়া
১৯৭২ পশ্চিম জার্মানি সো. ইউনিয়ন
১৯৭৬ চেকোস্লোভাকিয়া পশ্চিম জার্মানি
১৯৮০ পশ্চিম জার্মানি বেলজিয়াম
১৯৮৪ ফ্রান্স স্পেন
১৯৮৮ হল্যান্ড সো. ইউনিয়ন
১৯৯২ ডেনমার্ক জার্মানি
১৯৯৬ জার্মানি চেক প্রজাতন্ত্র
২০০০ ফ্রান্স ইতালি
২০০৪ গ্রিস পর্তুগাল
২০০৮ স্পেন জার্মানি
২০১২ স্পেন ইতালি
২০১৬ পর্তুগাল ফ্রান্স
২০১৬ইউরোয়তাঁরা
রোনালদো গ্রিজমান
৭ম্যাচ৭
৬২৫মিনিট৫৫৫
৩গোল৬
১২গোলেশট১৪
৮৫% সফলপাস৮৪%