জয়েই বছর শেষ জার্মানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ক্যাসিয়াস, অন্যজন ক্যাসিয়া। নামে অনেকটা মিল, তবে পূর্বসূরি ইকার ক্যাসিয়াসের ধারেকাছে যেতে যে আরও অনেক পথ পাড়ি দিতে হবে সেটা বোধ হয় পরশু একটু হলেও বুঝতে পারলেন কিকো ক্যাসিয়া। তাঁর ভুলেই তো জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচটায় গোল খেল স্পেন। শেষ মুহূর্তে টনি ক্রুসের নিরীহ শট ঠেকানোর জন্য অবশ্য ‘ক্যাসিয়াস’ হওয়ার দরকার ছিল না। মজার ব্যাপার হচ্ছে, ম্যাচটায় কিন্তু প্রথম একাদশে ক্যাসিয়াসই ছিলেন। কিন্তু স্পেনের হয়ে ১৬০তম ম্যাচটা খেলতে নামার পর খেলার মিনিট বিশেক বাকি থাকতে তাঁকে তুলে ক্যাসিয়াকে নামিয়েছিলেন কোচ ভিসেন্তে দেল বস্ক।
জার্মানি জিতল ওই ১ গোলেই। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে বছরটা দারুণভাবে শেষ করল বর্তমান চ্যাম্পিয়নরা।

গোল করে ছুটছেন রুনি l এএফপি
গোল করে ছুটছেন রুনি l এএফপি

একই রাতে ওয়েইন রুনির জোড়া গোলে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের দারুণ একটা জয় পেয়েছে ইংল্যান্ডও। গ্লাসগোর সেল্টিক পার্কে ইংল্যান্ডের অন্য গোলটি অ্যালেক্স-অক্সলেড চেম্বারলেইনের।
ব্যালাইদোস স্টেডিয়ামে স্বাগতিক স্পেনের বিপক্ষে জয়সূচক গোলটা করতে পেরে উচ্ছ্বসিত ক্রুস, ‘আমরা এটাই চেয়েছিলাম, এমন দারুণ একটা বছর দারুণভাবেই শেষ করতে।’ বিশ্বকাপ জেতার কারণে দারুণ বছর। কিন্তু বিশ্বকাপের পর জার্মানির ফর্ম ওঠা-নামা করছে। ইউরোর বাছাইপর্বে পোল্যান্ডের কাছে হেরেছে জোয়াকিম লোর দল, ড্র করেছে আয়ারল্যান্ডের সঙ্গে। স্পেনের ফর্ম তো বিশ্বকাপ থেকেই খারাপ। দুই দলের কোনোটিই ইউরোর বাছাইয়ে নিজেদের গ্রুপে শীর্ষ অবস্থানে নেই। তবে সামনের দিনগুলোয় এ অবস্থাটা বদলাবে বলেই আশাবাদী লো, ‘এই দুটি দলই সাম্প্রতিক ফুটবল ইতিহাসে নিজস্ব জায়গা করে নিয়েছে। আমি নিশ্চিত, দুটি দলই ২০১৬ ইউরোতে বড় ভূমিকা নেবে। ভবিষ্যতের জন্য স্পেন ও জার্মানির একদল দারুণ ফুটবলার আছে।’
সেল্টিক পার্কে জোড়া গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জিমি গ্রিভসকে ছাড়িয়ে তিন নম্বরে উঠে এসেছেন রুনি। কিছুদিন আগেই ইংল্যান্ডের নবম ফুটবলার হিসেবে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলা রুনির ১০১ ম্যাচে গোল ৪৬টি। সামনে গ্যারি লিনেকার (৪৮) ও ববি চার্লটন (৪৯)। তবে ম্যাচ এবং গোলসংখ্যায় রুনি যে একদিন সবাইকে ছাড়িয়ে যাবেন সেটি নিয়ে খুব একটা সন্দেহ নেই ইংল্যান্ড কোচ রয় হজসনের, ‘রেকর্ড, মাইলফলক এসবও গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সে গোলদাতার তালিকায় নিজের নামটা সবার ওপরে দেখার এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলার কথা ভাবতেই পারে।’ এএফপি।

এক নজরে ফল
স্পেন ০ : ১ জার্মানি
স্কটল্যান্ড ১ : ৩ ইংল্যান্ড
ফ্রান্স ১ : ০ সুইডেন
ইতালি ১ : ০ আলবেনিয়া
পোল্যান্ড ২ : ২ সুইজারল্যান্ড
হাঙ্গেরি ১ : ২ রাশিয়া
আয়ারল্যান্ড ৪ : ১ যুক্তরাষ্ট্র
স্লোভেনিয়া ০ : ১ কলম্বিয়া
* স্বাগতিক দেশ প্রথমে