জয়েই স্বাগত নতুন কোচকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের দ্বিতীয় গোল পেলেন এমেকা, এবার পেনাল্টি থেকে। এর পরই শেখ জামালের নাইজেরিয়ান স্ট্রাইকারের এই স্যালুট। হয়তো নতুন কোচ স্টেফান হ্যানসনকেই l প্রথম আলো
নিজের দ্বিতীয় গোল পেলেন এমেকা, এবার পেনাল্টি থেকে। এর পরই শেখ জামালের নাইজেরিয়ান স্ট্রাইকারের এই স্যালুট। হয়তো নতুন কোচ স্টেফান হ্যানসনকেই l প্রথম আলো

বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেই একটু ধাক্কা খেলেন স্টেফান হ্যানসন। এই প্রতিবেদককে জিজ্ঞেস করলেন, ‘গ্যালারি খালি কেন?’ তাঁকে বলা হলো, এটা নতুন কিছু নয়। ঢাকায় দর্শক আসছে না। তবে ঢাকার বাইরে ফুটবল ম্যাচ এখনো অনেক টানে আমজনতাকে। ততক্ষণে সুইডিশ কোচ ম্যাচের আগে দলের স্ট্রেচিং দেখছিলেন পাশে দাঁড়িয়ে। জানালেন, আজ থেকে শেখ জামালের কোচ হিসেবে কাজ শুরু করবেন। কালকের ম্যাচে ডাগআউটে ছিলেন দর্শকের ভূমিকায়।
ডাগআউটে বসেই দেখলেন মুক্তিযোদ্ধার বিপক্ষে শেখ জামালের ৩-২ গোলের জয়। তিন পেনাল্টি আর এক লাল কার্ডের ম্যাচটা তাঁর কাছে উপভোগ্যই হওয়ার কথা। নিশ্চয়ই এই দল নিয়ে সামনে এগোনোর পরিকল্পনায় আশা দেখছেন।
দলের ওই স্ট্রেচিং দেখতে দেখতেই নিজের কোচিং দর্শন সম্পর্কে বলছিলেন, ‘আমি আক্রমণাত্মক খেলতেই পছন্দ করি। তবে দুই পাশ থেকে বেশি বেশি ক্রস তোলা আমার পছন্দ নয়। কারণ প্রতিপক্ষ ডিফেন্ডাররা সেই ক্রস সহজে সামলে নেয়। আমি চাই মাঝখান দিয়ে আক্রমণ। মাটিতে খেলাই বেশি পছন্দ করব।’
হ্যানসনের এই পরিকল্পনা এগিয়ে নেওয়ার মতো ফুটবলার আছে শেখ জামালের। এটাই তাঁর বড় শক্তি। আলাদা করে বলতেই হয় তিনটি নাম—এমেকা, ওয়েডসন ও ল্যান্ডিং। এই ত্রিফলা নিজেদের সেরাটা দিতে পারলে শেখ জামালের না-জেতার কারণ নেই। কালও এঁদের মধ্যে বোঝাপড়া থাকল দারুণ। প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে তাঁরা ভয়ংকর। কাল তো ৩৩ মিনিটেই তাঁরা স্কোরলাইন করে ফেললেন ৩-০!
৩ গোল খেয়ে হুঁশ ফেরে মুক্তিযোদ্ধার এবং দাঁতে দাঁত চেপে লড়াই করেছে শেষ দিকে। গোল নষ্ট করার বিলাসিতা না দেখালে অন্তত ড্র করতেই পারত আবদুল কাইয়ুম সেন্টুর দল। সেটি হয়নি স্ট্রাইকার কোলো মুসার কারণে। ম্যাচে তখন ২-০ গোলে এগিয়ে শেখ জামাল। মুসার দুর্বল পেনাল্টি আটকেছেন জামালের গোলরক্ষক মোস্তাক।
কিন্তু মুক্তিযোদ্ধার গোলরক্ষক মামুন খান কোনো প্রতিরোধই গড়তে পারেননি। গোল খেয়েছেন অসহায়ভাবেই। ৬ মিনিটে এমেকা ডার্লিংটন এককভাবে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে হেসেখেলেই গোল করে বেরিয়ে এলেন। তিন মিনিট পরই মুক্তিযোদ্ধার অধিনায়ক সাইদুলের হাতে বল লাগলে পাওয়া পেনাল্টিতে ২-০ করেন ওই এমেকাই। তৃতীয় গোলটি ওয়েডসনের, গায়ের ওপর লেগে থাকা এক ডিফেন্ডারকে শরীরের দোলায় ছিটকে ৩-০ করতেই ম্যাচ আসলে পকেটে ঢুকে গেছে শেখ জামালের।

প্রথম ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ থাকা চার দলের দুটি এই শেখ জামাল আর মুক্তিযোদ্ধা। স্বাভাবিকভাবেই তীব্র লড়াইয়ের আগুন ছড়াবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এমন আশাই ছিল এক মাস পর শুরু হওয়া লিগের প্রথম দিনে। সেই লড়াইটা দ্বিতীয়ার্ধে হলেও প্রথমার্ধটা শেখ জামালেরই। যদিও এই অর্ধের যোগ করা সময়ে তৌহিদুল ব্যবধানটা কমিয়ে আনেন ৩-১-এ।

৭৭ মিনিটে সিমন ৩-২ করলে নড়েচড়ে বসে মুক্তিযোদ্ধা। পরের মিনিটেই শেখ জামালের শিহাব লাল কার্ড দেখেন, ১০ জনের দলের বিপক্ষে তখন অন্তত ড্র করার সম্ভাবনা জেগে ওঠে মুক্তিযোদ্ধার। কিন্তু রাতটা নিজেদের করে নিয়ে শেখ জামাল এককভাবে উঠে গেল পয়েন্ট তালিকার শীর্ষে। জয় দিয়েই এমেকারা স্বাগত জানালেন নতুন কোচকে।

আজকের খেলা

চট্টগ্রাম আবাহনী-আরামবাগ

শেখ রাসেল-ব্রাদার্স

(বিকেল ৪-৩০ ও সন্ধ্যা ৭-৩০ মিনিট  বঙ্গবন্ধু স্টেডিয়াম)