জয়েও ক্লান্তি নেই!
ইউরোপিয়ান ফুটবলে কত বিচিত্র রেকর্ডই তো হয়। মেসি-রোনালদো দ্বৈরথ প্রতি সপ্তাহে রেকর্ড বইয়ে নতুন কিছু লেখায়। এদিকে অনেকটা নীরবেই দুর্দান্ত এক রেকর্ড গড়ে ফেলেছে পিএসজি। আর জুভেন্টাসও যেন ঘুরে দাঁড়ানোর অবিস্মরণীয় একটা গল্প লিখতে চলেছে। পিএসজি যেমন টানা ১৩ ম্যাচ জিতে ফ্রেঞ্চ লিগটা প্রায় নিজেদের করে নিয়েছে, জুভেন্টাসও টানা ১২ জয়ে মৌসুমের শুরুর হতশ্রী দশাটা কাটিয়ে উঠছে। পিএসজি এরই মধ্যে রেকর্ড করে ফেলেছে, জুভেন্টাসও সেটি থেকে খুব দূরে নেই।
ধারে-ভারে ফ্রেঞ্চ লিগে বাকি দলগুলোর সঙ্গে পিএসজির অনেক ব্যবধান। এই মৌসুমে সেই ব্যবধানটা মাঠে অনূদিত হচ্ছে আরও প্রকটভাবে। ফ্রেঞ্চ লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে জয়ের নতুন রেকর্ড গড়ার পাশে, ৩২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে। ২০ বছর আগে নঁতে টানা ৩২ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল, পিএসজি হয়তো সেটি ভেঙে দিতে যাচ্ছে পরের ম্যাচেই। এই মৌসুমে ২৩ ম্যাচে সম্ভাব্য ৬৯ পয়েন্টের ৬৩ পেয়েছে, দুইয়ে থাকা মোনাকো পিছিয়ে ২৪ পয়েন্টে!
জুভেন্টাসের গল্পটাও রোমাঞ্চকর। মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে যাদের মাত্র একটি জয় ছিল, তারাই সর্বশেষ ১২ ম্যাচে জয়ী। ইতালিতে টানা জয়ের রেকর্ডটি ইন্টার মিলানের, ২০০৬-০৭ মৌসুমে রবার্তো মানচিনির ইন্টার মিলান জিতেছিল টানা ১৭ ম্যাচে। জুভেন্টাসের নিজেদের রেকর্ডটা ১৩ ম্যাচের, সেটিও মাত্রই মৌসুম আগে। ইতালিয়ান লিগে কয়েক মৌসুম ধরেই অপ্রতিরোধ্য জুভেন্টাস সেটি ছুঁয়ে ফেলবে বলেই মনে হচ্ছে।
ফ্রান্স-ইতালি থেকে ক্যানভাসটা পুরো ইউরোপে ছড়িয়ে দিলে পিএসজি-জুভেন্টাসের কীর্তিটাকে খুব উজ্জ্বল মনে হবে না। ইউরোপিয়ান ঘরোয়া লিগে সবচেয়ে বেশি ম্যাচের জয়ের রেকর্ডটা অবিশ্বাস্যই। ১৯৭১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ইউসেবিওর বেনফিকা টানা ২৯ ম্যাচে জিতেছিল! অবশ্য পর্তুগালে তখন বেনফিকার দাপট ছিল অতুলনীয়, ১৯৬০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পর্তুগিজ লিগে ১৫ বারের মধ্যে ১১ বারই তারা শিরোপা জিতেছিল!
ক্রোয়েশিয়ার লিগে ডায়নামো জাগরেবের টানা ২৮ ম্যাচ জয়ের রেকর্ডটা খুব বেশি দিন আগের নয়। এডুয়ার্ডো-মডরিচদের সাবেক দলটির দুর্দান্ত জয়রথ শুরু হয়েছিল ২০০৬ সালের নভেম্বরে, সেটা শেষ হয় ২০০৭ সালের সেপ্টেম্বরে। মজার ব্যাপার হলো, ২৮তম ম্যাচটি জেতার পর জাগরেবের কোচ প্রকাশ্যেই বেনফিকার রেকর্ড ভাঙবেন বলে ঘোষণা দিয়েছিলেন। কে জানত, ওই ঘোষণাটাই অপয়া প্রমাণিত হবে!
এরপর যেসব টানা জয়ের রেকর্ড আছে, সেগুলোর কোনোটিই শীর্ষ লিগে নয়। স্কটিশ লিগে যেমন ১২ বছর আগে সেল্টিক জিতেছিল টানা ২৫ ম্যাচ। আলবেনিয়ান লিগে ডায়নামো তিরানার ২৫ ম্যাচ জেতার কীর্তিটা সেই ১৯৫১-৫২ মৌসুমে। সুইডেনের ক্লাব মালমোর ২৩ ম্যাচ রেকর্ড ১৯৪৯-৫০ মৌসুমে।
শীর্ষ লিগগুলোতে এসব কীর্তি তাহলে কাদের? জার্মানিতে বায়ার্নের কীর্তিটা যেমন অনেকেরই মনে থাকার কথা। মাত্র দুই মৌসুম আগেই বায়ার্ন জিতেছিল টানা ১৯ ম্যাচে। স্পেনের হয়ে সেই গৌরব পেপ গার্দিওলার বার্সেলোনার। ২০১০-১১ মৌসুমের শিরোপাজয়ী বার্সেলোনা জিতেছিল টানা ১৬ ম্যাচে। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা জয়ের রেকর্ডটা আর্সেনালের। ২০০২ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত টানা ১৪ ম্যাচে জিতেছিল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।
ইউরোপিয়ান লিগে টানা জয়
২৯ বেনফিকা (পর্তুগাল) ১৯৭১-৭৩
২৮ ডায়নামো জাগরেব (ক্রোয়েশিয়া) ২০০৬-০৭
২৫ সেল্টিক (স্কটল্যান্ড) ২০০৩-০৪
২৫ ডায়নামো তিরানা (আলবেনিয়া) ১৯৫১-৫২
২৩ মালমো (সুইডেন) ১৯৪৯-৫০