জয়েও দুয়ো রোনালদোদের
ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো ভাবছেন, আর কী করলে সন্তুষ্ট হবেন রিয়াল মাদ্রিদ সমর্থকেরা? আরও একটি ম্যাচে দলকে জেতালেন রিয়াল ফরোয়ার্ড। কিন্তু ম্যাচ চলাকালে সেই তাঁকেই আরও একবার ঘরের মাঠের দর্শকদের দুয়ো শুনতে হলো!
পরশু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে এএস রোমাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়েই কোয়ার্টার ফাইনালে উঠল ‘লস ব্লাঙ্কোস’। জয়ের পেছনে বড় কৃতিত্ব রোনালদোরই, দ্বিতীয়ার্ধে নিজে এক গোল করেছেন, চার মিনিটের ব্যবধানে হামেস রদ্রিগেজকে দিয়ে দ্বিতীয় গোলটি করিয়েছেন। কিন্তু সব ছাপিয়ে ম্যাচ শেষে আলোচনায় ছিল রোনালদোকে দেওয়া দুয়ো।
গোলশূন্য প্রথমার্ধে রিয়ালের সব আক্রমণ যেন প্রতিপক্ষের বক্সে গিয়ে হারিয়ে যাচ্ছিল। এ কারণেই হয়তো সমর্থকেরা দুয়ো দিতে শুরু করেন। মূল শিকার দুই গোলদাতা রোনালদো ও রদ্রিগেজ। তবে বিষয়টি একদমই পছন্দ হয়নি রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের, ‘সমর্থকদের বলব দুয়ো দেওয়ার আগে একটু ভাবতে। ওঁদের অনেক সম্মান করি, কিন্তু যখন সবকিছু পরিকল্পনামতো যায় না, তখনো তো দলকে সমর্থন জানানো উচিত। সবাই তো রিয়াল মাদ্রিদের ভালোই চায়।’
অবশ্য জিনেদিন জিদান দুয়োর ভালো দিকটাই দেখছেন। রিয়াল কোচ বলছেন, ‘দুয়ো রোনালদোকে উজ্জীবিত করে।’ হয়তো তাঁর কথাই ঠিক। দ্বিতীয়ার্ধে তো তা-ই দেখা গেল। ৬৪ মিনিটে গোল করলেন রোনালদো, চার মিনিট পর তাঁর দুর্দান্ত পাস থেকেই রদ্রিগেজের গোল। তবে জিতলেও দলের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না জিদান। রোমার জেকো-সালাহরা সুযোগ নষ্ট না করলে ম্যাচে কী হতো আসলে বলা মুশকিল। এটাই চোখে লাগছে ফ্রান্স কিংবদন্তির, ‘ওদের বেশ কয়েকটি আক্রমণ ভয় ধরিয়ে দিয়েছিল। জায়গা ছেড়ে দিলে এমনটা হওয়ারই কথা।’
তবে রোমা কোচ লুসিয়ানো স্প্যালেত্তির তো এত ছোটখাটো বিষয় নিয়ে ভাবার সময়ও নেই! দুই দিন আগে জন্মদিন পালন করা রোমা কোচের উৎসবটা যে মাটি হয়ে গেল। অন্য ম্যাচে বেলজিয়ান ক্লাব গেন্টকে ১-০ (সম্মিলিত ৪-২) গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানির ভলফ্সবুর্গও। এএফপি, রয়টার্স।