জয়েও 'অচেনা' লিভারপুল

রেফারির বাঁশি বেজেছে কিছুক্ষণ হলো। অ্যানফিল্ডের লাউডস্পিকারে ভেসে এল অনেক পুরোনো একটা গান, ১৯৮৬ সালে আমেরিকান রক ব্যান্ড স্টারশিপের গাওয়া—‘নাথিং গনা স্টপ আস নাউ!’
গানের কথাটাই সম্ভবত এখন লিভারপুল খেলোয়াড়, কোচ, সমর্থকদের অনুভূতি। পরশু ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলের জয়ে ইয়ুর্গেন ক্লপের দল যে এই বার্তাও দিয়ে গেল, এই লিভারপুল ম্যাচ বের করে আনতে জানে। লিগে উড়তে থাকা চেলসিকে চ্যালেঞ্জ জানানোর সম্ভাবনা এ মুহূর্তে বুকে লিভারবার্ড আঁকা দলটিরই সবচেয়ে বেশি।
মৌসুমের শুরু থেকে লিভারপুলকে বলা হচ্ছিল তর্ক সাপেক্ষে প্রিমিয়ার লিগে সুন্দরতম ফুটবল খেলা দল। রক্ষণে নড়বড়, তবে দুর্দান্ত আক্রমণ দিয়ে সেটি বেশির ভাগ সময়ই পুষিয়ে নেয়। পরশু হলো উল্টো, রক্ষণেও দুর্দান্ত খেলে গার্দিওলার দলকে নিষ্ক্রিয় করে রাখলেন মিলনার-লালানারা। ম্যাচের ৮ মিনিটে অ্যাডাম লালানার ক্রসে দুর্দান্ত হেডে জর্জিনিও ভাইনালডামের করা গোলটিই ধরে রাখলেন, বাকি ৮২ মিনিটেও সিটিকে বলতে গেলে সুযোগ দেননি।
ম্যাচটা অবশ্য হলো ‘পর্বতের মূষিক প্রসব’! আক্রমণাত্মক ফুটবলের প্রতিশ্রুতি, ডাগআউটেও ক্লপ বনাম গার্দিওলা দ্বৈরথ—পরশু রোমাঞ্চের হাতছানিই ছিল অ্যানফিল্ডে। কিন্তু না হারার প্রত্যয়ে ৯০ মিনিটজুড়ে দুই দলই উপেক্ষা করে গেল সেই হাতছানি। প্রতিপক্ষকে একটুও জায়গা না ছাড়ার অতিসতর্কতায় ম্যাচটা হয়ে রইল ‘কৌশলী যুদ্ধের বিজ্ঞাপন।’
সিটি পুরো ম্যাচে পোস্টে শট নিয়েছে দুটি, লিভারপুল গোলকিপার সিমোন মিনিওলেতকে কোনো সমস্যায় ফেলার মতো তা ছিল না। ২০০৩ সালের পর অ্যানফিল্ডে জিততে না পারার রেকর্ডটা ভাঙার তেমন সম্ভাবনাও তৈরি করতে পারেনি গার্দিওলার দল। লিগের শীর্ষে থাকা চেলসির চেয়ে পিছিয়ে পড়েছে ১০ পয়েন্টে, কাল আর্সেনাল-টটেনহাম নিজেদের ম্যাচে জেতায় পাঁচেই নেমে গেছে সিটি। গার্দিওলাও যেন তাই শিরোপার আশা ছেড়ে দিচ্ছেন, ‘১০ পয়েন্ট পিছিয়ে গেলে, আপনার একমাত্র কাজ শুধু পরের ম্যাচেই মনোযোগ দেওয়া।’
লিভারপুলও খুশিতে ভেসে যাচ্ছে না। মিডফিল্ডার থেকে লেফটব্যাক বনে যাওয়া জেমস মিলনারই বললেন, ‘এটা সম্ভবত মৌসুমে আমাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স।’ কোচ ক্লপও মানছেন সেটি, ‘ম্যাচজুড়েই বল পায়ে আমরা খুব বেশি ভালো ছিলাম না। তবে ভালো ডিফেন্ড করায় ওরাও সুযোগ তৈরি করতে পারেনি।’
এ জয়ে চেলসির সঙ্গে পয়েন্ট ব্যবধানটা ছয়েই রাখল লিভারপুল। তা পরশু লিগে টানা ১৩তম জয় পাওয়া চেলসিকে টপকানো কি সম্ভব? ক্লপ মজা করেই উত্তর দিয়েছেন, ‘অসাধারণ একটা সময় কাটাচ্ছে তারা। তবে ভাবুন তো, আপনি টানা ১৩ ম্যাচ জিতেও দেখছেন অন্য একটা দল আপনার মাত্র ৬ পয়েন্ট পেছনে, তাহলে কতটা বিরক্তিকর লাগবে?’
চেলসির যেমনই লাগুক, লিভারপুল আপাতত উড়ছে। বাংলাদেশ সময় ২০১৬ সালে শুরু হওয়া ম্যাচের শুরুতেই গোল, জয় ২০১৭-তে পা দিয়ে। কে জানে, নতুন বছরে লিভারপুলের পথচলার একটা ইঙ্গিতও কি না এটি! এএফপি, গার্ডিয়ান।