
সাফের দলের নয়জনকে নিয়ে একাদশ সাজিয়েছিলেন মালদ্বীপের কোচ রিকি হার্বার্ট। দেশটির সেরা খেলোয়াড় আলী আশফাক, গোলরক্ষক ইমরানসহ পাঁচ-ছয়জন খেলোয়াড় নেই এই দলে। তবু মালদ্বীপ অনেকটাই এগিয়ে বাংলাদেশ অলিম্পিক দলের চেয়ে। সেই দলের কাছে বাংলাদেশের ২-০ গোলে হারে আসলে বড় কোনো হতাশা থাকা উচিত নয়। মালদ্বীপ কাল যোগ্যতর দল হিসেবেই জিতেছে। যদিও জয়ের আশা নিয়ে নেমেছিল স্বাগতিকেরা।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল হেরেছে আসলে প্রতিপক্ষের শক্তির কাছেই। স্কিলেও মালদ্বীপ এগিয়ে। তারপরও ২৩ মিনিটে রক্ষণের ভুলে দুই গোল খেয়ে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টাই করেছে। সেটি সম্ভব না হলেও বাংলাদেশ দলের খেলোয়াড়দের রানিং এবং চেজিং নজর কেড়েছে আলাদাভাবেই। অন্তত এই দুটি জায়গায় বাংলাদেশ অলিম্পিক দলের খেলোয়াড়দের প্রশংসা করতেই হবে।
সমস্যাটা হয়েছে গোলমুখে খেই হারানোর চিরন্তন রোগটা না সারায়। যেখানে ঠান্ডা মাথায় বল জালে পাঠানো দাবি করছে পরিস্থিতি, তড়িঘড়ি করে আক্রমণটাই নষ্ট করে ফেলেছেন খেলোয়াড়েরা। ৬৭ মিনিটে সজীব তো খুবই সহজ সুযোগ হারালেন। গোলরক্ষককে একা পেয়েও কাটাতে গিয়ে পারলেন না। তালগোল পাকানোয় গোলরক্ষক আলী সামাল দিয়েছেন বিপদ।
আরও কিছু সুযোগ তৈরি হতে হতেই মিলিয়ে গেছে খেলোয়াড়দের অস্থিরতার কারণে। এই রোগটা না সারাতে পারলে সামনে বিপদই আছে। অবশ্য বিপদের আর বাকি আছে কী! দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে বঙ্গবন্ধু কাপ থেকে প্রায় ছিটকেই যাওয়ার জোগাড় বাংলাদেশ অলিম্পিক দলের। আগামীকাল শেষ ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে, অন্যদিকে বাহরাইনকে বড় ব্যবধানে হারতে হবে টানা দুই জয়ে সেমিতে উঠে যাওয়া মালদ্বীপের কাছে। দুটি সমীকরণ যে মিলবে সেই নিশ্চয়তা নেই। বিকেলে বাহরাইন জিতলে বাংলাদেশের জন্য শেষ মাচটা হবে আনুষ্ঠানিকতার।
মালদ্বীপকে শেষ চারে তুলে দিয়েছেন তাদের ‘নাম্বার টেন’ ইসা ইসমাইল। গোল করেছেন, করিয়েছেন। ছোটখাটো গড়নের এই খেলোয়াড়টি পেলেন ম্যাচসেরার পুরস্কারও। গতি আর স্কিলের ঝলকে নাশিদ আহমেদের ক্রসে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে পূর্বাভাস দিলেন ম্যাচ জয়ের। ১৬ মিনিটে এই গোলের ৭ মিনিট পরই এবার ইসা নিজেই বাংলাদেশের দুই খেলোয়াড়কে কাটিয়ে উঁচু করে বল ছাড়েন আগুয়ান ফরোয়ার্ড ইমাজের উদ্দেশ্যে। ইমাজ মাপা শটে করলেন ২-০।
ঘরের মাঠে দল হারছে, এই দৃশ্যটা মানতে পারছিলেন না বলে ২৮ মিনিটে মাঠে নেমে পড়লেন রুবেল মিয়া। বাহরাইনের সঙ্গে ড্র ম্যাচের সেরা খেলোয়াড়ের হালকা চোট ছিল, তা নিয়েই কাল বদলি হিসেবে মাঠে নেমে ত্রাস ছড়ালেন মালদ্বীপের রক্ষণে। ডান প্রান্ত দিয়ে বারবারই আক্রমণে গেছেন, মালদ্বীপের কোচ রিকি হার্বার্টের চোখে এই তরুণই বাংলাদেশের সেরা খেলোয়াড়। কিন্তু তাঁর সব পরিশ্রমই বৃথা গেল দলকে গোল এনে দিতে না পারায়।
‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকা
খেলা জয় ড্র হার গোল পয়েন্ট
মালদ্বীপ ২ ২ ০ ০ ৫/২ ৬
বাহরাইন ২ ১ ১ ০ ২/১ ৪
বাংলাদেশ অলিম্পিক দল ২ ০ ১ ১ ১/৩ ১
কম্বোডিয়া ২ ০ ০ ২ ২/৪ ০