জয়ের খোঁজে আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়’। জেরার্ডো মার্টিনোর অবস্থা এখন অনেকটা এ রকমই। বিশ্বকাপের বাছাইপর্বে গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরু করেছে আর্জেন্টিনা। প্রথম তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট—তলানি থেকে মাত্র এক ধাপ ওপরে ধুঁকছে। আজ কলম্বিয়ার মাঠে গিয়ে একটি অগ্নিপরীক্ষাই দিতে হবে তাদের। অথচ এই সময় চোট আর নিষেধাজ্ঞায় মার্টিনো রীতিমতো জেরবার!
লিওনেল মেসির অভাবটাই মার্টিনো সবচেয়ে বেশি টের পাচ্ছেন। মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো চোট ছিটকে দিয়েছে সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, পাবলো জাবালেতা, এজেকিয়েল গ্যারাইদের। নিষেধাজ্ঞায় আজ নেই আগের ম্যাচে আলো ছড়ানো ফাকুন্দো রঙ্কাগলিয়া।
মার্টিনো তাই যতই বলুন, ‘এই ম্যাচে আমাদের জয়টা চাই-ই চাই’—কথাটা নিজে কতটা বিশ্বাস করেন কে জানে! কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে তো পূর্ণশক্তির দল নিয়ে কলম্বিয়ার সঙ্গে গোল পায়নি আর্জেন্টিনা, শেষ পর্যন্ত জয় টাইব্রেকারে। ব্রাজিলের সঙ্গে অবশ্য ভালো খেলেও আর্জেন্টিনা জয় পায়নি। মার্টিনো বলছেন, কলম্বিয়ার সঙ্গে ম্যাচটা আরও কঠিন হবে, ‘কলম্বিয়ার মাঠে গিয়ে ম্যাচটা ব্রাজিলের মতো হবে না। আমাদের ওই ম্যাচটার নিয়ন্ত্রণ নিতে হবে, তবে আমার মনে হয় ওরা বেশ আক্রমণ করবে।’
মার্টিনোর দুশ্চিন্তার আরও কারণ আছে। আক্রমণে এখন ভরসা গঞ্জালো হিগুয়েইন। নাপোলির হয়ে এই মৌসুমে ৯ গোল করে এর মধ্যেই সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা। কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়েই কেমন যেন বিবর্ণ হয়ে পড়েন। গত বিশ্বকাপ থেকে কোপা আমেরিকায়ও সুবর্ণ সব সুযোগ নষ্ট করেছেন। ব্রাজিলের বিপক্ষে আগের ম্যাচটিতে অবশ্য এজেকিয়েল লাভেজ্জিকে দিয়ে গোলটা করিয়েছিলেন।
লাভেজ্জি আবার ক্লাব পিএসজিতেই নিয়মিত নন। ক্লাব-সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়ার ওপরই তাই দায়িত্বটা বেশি। তারপরও কলম্বিয়ার মিডফিল্ডার এডউইন কারডোনা এই আর্জেন্টিনাকেই দেখছেন বড় হুমকি, ‘বেশ কয়েকজন খেলোয়াড় না থাকার পরও তাদের ভালো কিছু খেলোয়াড় আছে। বলটা নিজেদের কাছেই রাখতে চাইবে, আক্রমণেও বেশি যাবে। ডি মারিয়া ও লাভেজ্জি ভয়ংকর হতে পারে।’
কাল ভোরে মাঠে নামছে ব্রাজিলও, প্রতিপক্ষ পেরু। মার্টিনোর মতো না হলেও কিছুটা চাপে আছেন দুঙ্গাও, প্রথম তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে চারে। আজ নিজেদের মাঠে ব্রাজিল জয় না পেলে অঘটনই হবে। এএফপি।