জয়ের খোঁজে মামুনুলরা
জাহিদ হাসান এমিলির মাথায় প্লাস্টিকের গোলাকৃতির অনুশীলন মার্কার। আষাঢ়ে বৃষ্টিতে কাকভেজা জাতীয় দলের স্ট্রাইকার। অনুশীলনের শেষভাগে ছোট্ট মার্কার মাথায় তুলে এমিলির বৃষ্টি ঠেকানোর চেষ্টা দেখে সতীর্থরা হেসে কুটিকুটি!
এর কিছুক্ষণ আগে কোচ লোডভিক ডি ক্রুইফ ফুটবলারদের শ্যুটিং অনুশীলন করালেন। কাদামাঠে দৌড়াতে গিয়ে কয়েকবার আছাড় খেলেন অধিনায়ক মামুনুল ইসলাম। এরপর বল ছাড়াই কাদার মধ্যে গড়াগড়ি দিলেন মনের আনন্দে। বৃষ্টিতে অনুশীলন করতে গিয়ে যেন ফিরে গেলেন দুরন্ত শৈশবে!
কাল বুয়েট মাঠে টুকরো টুকরো এসব মজার দৃশ্য দিয়ে অনুশীলনের পুরোটা সময় আনন্দের মালা গেঁথেছিলেন মামুনুলরা। তাঁদের দেখে কে বলবে এই দলটাই কদিন আগে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে হেরে গেছে কিরগিজস্তানের সঙ্গে?
সবাই ফুরফুরে মেজাজে। হতাশাকে পেছনে ফেলে সবাই মনোযোগী আজ তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচে।
কিরগিজস্তানের সঙ্গে নির্বোধের মতো ফাউল করে বিপদ ডেকে এনেছিলেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। এ জন্য নাকি অপরাধবোধে ভুগছিলেন, ‘সেদিন যে ভুল করেছিলাম তা স্বীকার করতে বাধা নেই। খুব খারাপ লাগছিল। আসলে কেউ ইচ্ছা করে ভুল করতে চায় না। কোচ আমাকে বুঝিয়েছেন দলের স্বার্থে কোন সময় ফাউল করতে হবে। কোন সময় করা যাবে না। যথেষ্ট শিক্ষা হয়েছে।’ তবে এসব হতাশা ভুলে আজকের ম্যাচেই চোখ বিকেএসপির সাবেক ছাত্রের, ‘হেরে যাওয়া ম্যাচের কথা বাদ দিয়ে আমরা এখন তাজিকিস্তানের দিকে তাকিয়ে আছি। আমাদের সব শেষ হয়ে যায়নি। ঘরের মাঠে আশা করি জিততে পারব।’
কিরগিজস্তান ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি এমিলি। আজ ভালো খেলতে উন্মুখ হয়ে আছেন, ‘সেদিন আমরা ৬-৭ জন মোটেও ভালো খেলিনি। তবে তাজিকিস্তানের সঙ্গে সেরাটা খেলতে চাই। দেশের জন্যই ভালো খেলতে হবে।’
বৃষ্টিভেজা মাঠের সুবিধা কাজে লাগাতে চান মিডফিল্ডার সোহেল রানা। গত বছর নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে কাদামাঠে তাঁর একমাত্র গোলেই জিতেছিল বাংলাদেশ। শেষ মিনিটের গোলে জয় হাতছাড়া হলে হতাশায় ভোগেন তিনি। ছোট ছোট এই ভুলের দুঃখগুলো আর বয়ে বেড়াতে চান না, ‘ভারত, পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে ম্যাচগুলোতে সামান্য ভুলে গোল খেয়েছি। এই ভুলগুলো যদি কম করতে পারি তাহলে তাজিকিস্তানের সঙ্গে ইনশা আল্লাহ আমরাই জিতব।’
মিডফিল্ডার জামাল ভূঁইয়াও কথা বললেন একই সুরে, ‘আমাদের প্রথম কাজই হবে প্রতিপক্ষকে সেট পিসের সুযোগ না দেওয়া। তাজিকিস্তানের সঙ্গে আমরা ফ্রি-কিক ও পেনাল্টি এড়াতে চাই।’
পাঁচ বছর আগে কলম্বোতে এএফসি চ্যালেঞ্জ কাপে তাজিকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। আজ মাঠে নামার আগে ফুটবলারদের কাছে ওটাই একমাত্র সুখের স্মৃতি। ওই ম্যাচে খেলেছিলেন স্ট্রাইকার এনামুল হক। তবে এবার তিনি বাস্তববাদী, ‘ওসব ভেবে লাভ নেই। সেই দল অনেক বদলে গেছে। এ জন্য মাঠে আমাদের ভালো খেলতে হবে।’
কিরগিজস্তানের সঙ্গে খেলার আগে পেটের পীড়ায় ভুগছিলেন মামুনুল। গায়ে এখন জ্বর ও পায়ে ব্যথা আছে। তবে এসবকে পাত্তাই দিচ্ছেন না অধিনায়ক, ‘আগের ম্যাচেও ফুড পয়জনিং হয়েছিল। তবুও দেশের জন্য মাঠে নেমেছিলাম। এবারও ব্যথা আছে, তবু খেলতে হবে দেশের জন্যই। একটা জয়ই বদলে দিতে পারে সব।’
লাল-সবুজের টানে নিজেদের উজাড় করে দিলে জয় তো আসতেই পারে!